২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমমান উন্নয়নে ক্রেতাদেরও দায়িত্ব নিতে হবে'

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

দেশের পোশাক খাতের শ্রমমান ও কর্মপরিবেশের নিরাপত্তার উন্নয়নে আন্তর্জাতিক সংস্থা ও ক্রেতাদেরকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখারসহ পণ্যের ন্যায্য দাম দেয়ার জন্য বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

রোববার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে’ এসব কথা বলেন তারা।

সংলাপের বিভিন্ন পর্বে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতা প্রতিষ্ঠান গ্যাপ ইনকর্পোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।

‘ব্রান্ডগুলোর বাংলাদেশ ত্যাগ করা অনৈতিক’ বিষয়ে শ্রম অধিকার পর্বে কো-চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইট অ্যান্ড লেবার মিস হ্যানরাহান।

আলোচনায় রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের ও কর্মপরিবেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ায় বিদেশি ক্রেতাদের অনেকে সরে বাংলাদেশ থেকে আর পোশাক না কেনার ইঙ্গিত দেয়।

ক্রেতাদের এ ধরনের অবস্থানের সমালোচনা করে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনের হুমকি দেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সেক্রেটারি জেনারেল রায় রমেশ চন্দ্র সেন।

তিনি বলেন, “দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে এখন এদেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার কথা বলা অনৈতিক। ব্রান্ডগুলোকে এদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে ব্যবসা করতে হবে।

“তারা দায়িত্ব না নিয়ে চলে গেলে শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে।”

এই শ্রমিক নেতা বলেন, বাংলাদেশের পোশাক খাত ক্ষতিগ্রস্ত হলে লাখ লাখ কর্মীর চাকুরি চলে যাবে। তারা মৌলবাদীদের খপ্পড়ে পড়বে। এর ফলে শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুককি তৈরি হবে।”

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, “নারীরা কাজ হারিয়ে গ্রামে ফিরে গেলে স্বামীদের হাতে নির্যাতিত হবেন। পরে দেখা যাবে তাদের শহরে ফিরে অনৈতিক কাজ করতে হচ্ছে। আমরা কেউ সেটা চাই না।”

কারেন হানরাহান বলেন, বাংলাদেশের পোশাক খাতের উন্নতির এটাই সময়। কারখানার মালিক, ক্রেতা, সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় মিলে একটি টেকসই সমাধানের উপায় খুঁজে বের করতে হবে।

অনুষ্ঠানের এ পর্বে মূল বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা ডা. ওয়াজেদুল ইসলাম।

মতিঝিলের ডিসিসিআই ভবনে অনুষ্ঠিত সংলাপে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের ৪০ সদেস্যর প্রতিনিধি দলের মধ্যে ১৭ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন। বিভিন্ন পর্বে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইকোনোমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স জোসে ফার্নান্দেজ, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর এনার্জি ট্রান্সফরমেশন রবার্ট আইকড এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার মিস হ্যানরাহান উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রতিনিধি দলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক রাষ্ট্রদুত জেমস এফ মরিয়ার্টিও উপস্থিত ছিলেন।

সংলাপের প্রথমে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে ‘বাংলাদেশ’কে একটি শীর্ষ ব্রান্ড হিসেবে তুলে ধরতে সহযোগিতা করবেন তারা। তবে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া বাংলাদেশের কিছু পণ্যের জিএসপি সুবিধার বিষয়ে কোনো কথা বলেননি তারা।

মেয়াদ শেষ হওয়ায় পর জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে শুনানি শেষে আগামী মাসে রায়ের অপেক্ষায় রয়েছে। এর আগেই বিভিন্ন অভিযোগ তুলে সুবিধা বাতিলের আবেদন করেছে দেশটির শ্রমিক সংগঠনগুলো।

সংলাপের প্রথম পর্বে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনায় জোসে ফার্নান্ডেজ বলেন, “বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতন্ত্র একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জই শ্রম অধিকার এবং কর্মপরিবেশের নিরাপত্তার চেয়ে বড় নয়। এসব কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক জটিল অবস্থায় পৌঁছাতে শুরু করেছে।”

এর আগে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্র উচ্চহারে শুল্ক আদায় করছে বলে অভিযোগ করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান।

জবাবে ফার্নান্ডেজ বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানিতে কম্বোডিয়ার পর বাংলাদেশই সবচেয়ে বেশি শুল্ক দেয়, যার হার ১৫ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের তৈরি পোশাককে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা দিলে এক লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ পর্ব পরিচালনা করেন ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান। মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতার জন্য ঢাকা চেম্বারে একটি ‘আমেরিকান বিজনেস কর্নার’ স্থাপন করা হবে বলে জানান তিনি।