হরতাল প্রত্যাহারের আহ্বান
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল এবং হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মঙ্গলবার রাতে এ দুই সংগঠনের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সাভারের রানা প্লাজায় এখনও উদ্ধার কার্যক্রম চলছে। স্বজনরা প্রিয়জনের জন্য ঢাকায় আসছেন, বিভিন্ন স্থানে ছুটোছুটি করছেন। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য তাদের স্বজনদের ছুটতে হচ্ছে।
“এই সময় হরতাল থাকলে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হবে,” বলা হয় বিবৃতিতে।
এছাড়া সাভার ভবন ধস এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাক খাত চাপে রয়েছে জানিয়ে শিল্প মালিকরা বলছেন, হরতাল আরো নেতিবাচক প্রভাব ফেলবে।
১৮ দল বুধবার সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এবং হেফাজতে ইসলাম রোববার সকাল -সন্ধ্যা হরতাল ডেকেছে।
বিবৃতিতে বলা হয়, বিপুল পরিমান পোশাক আমদানির জন্য বৃহস্পতিবার চীন থেকে ২০টি বড় পোশাক ব্র্যান্ডদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে।
বিজিএমইএ ও বিকেএমইএ’র আশঙ্কা, হরতাল চীনা প্রতিনিধিদলের এই সফর ব্যাহত করবে।
