২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ৩ কারখানা পরিদর্শন নিরাপত্তা কমিটির

আশুলিয়ায় তিনটি পোশাক কারখানা পরিদর্শন করেছে পোশাক শিল্পের নিরাপত্তায় গঠিত কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে হা-মীম গ্রুপ, নীট এশিয়া এবং অনন্ত গ্রুপের কারখানা পরিদর্শন করা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় কমিটি অগ্নিনির্বাপক ব্যবস্থা, জরুরি বহির্গমন রাস্তা, শৌচাগার, আয়তন অনুসারে প্রতি ফ্লোরে মেশিন সংখ্যা ও কর্মরত শ্রমিক সংখ্যাসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ডের সঙ্গে কতটুকু মিল বা অমিল রয়েছে তা খুঁজে বের করে।

কমিটি কারখানার অবকাঠামোগত ত্রুটি-বিচ্যুতি,ভবনের ফাটল, অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ ইত্যাদি বিষয় পরিদর্শন টিমে উপস্থিত বিশেষজ্ঞদের দিয়ে যাচাই-বাছাই করে দেখে।

এছাড়া কারখানা পরিদর্শনের সময় কমিটি, উপস্থিত শ্রমিকদের সাথে তাদের বেতন, ওভারটাইম ভাতা, নেতৃত্ব বাছাই, নিরাপত্তা ব্যবস্থা, কারখানার সার্বিক কর্মপরিবেশ, মালিকের সাথে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে নিয়ে মত বিনিময় করেন। 

পরিদর্শন শেষে বস্ত্র ও পাট মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “পোশাকখাতকে আমরা নিরাপদ রাখতে চাই, বিকশিত করতে চাই, প্রসারিত করতে চাই এবং এ খাতটির প্রতি আরো আগ্রহ সৃষ্টি করতে চাই।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তৈরি পোশাক শিল্পে আর যাতে কোন অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে তার ব্যবস্থা গ্রহণে কমিটি গঠন করে আমাদেরকে নিরাপত্তাজনিত সকল বিষয় পর্যবেক্ষণ করতে পাঠিয়েছেন।”

কমিটি দেশের সব এলাকায় অবস্থিত তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবে।