হেফাজতের অবরোধ প্রত্যাহারের অনুরোধ ব্যবসায়ীদের
হেফাজতে ইসলামের রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শুক্রবার বিকালে এফবিসিসিআই ভবনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
আকরাম বলেন, “দেশের রাজনৈতিক অঙ্গনে অনুকূল সমঝোতামুলক পরিবেশের আবহাওয়া সৃষ্টি হচ্ছে এবং জাতীয় দুর্যোগের এই ক্রান্তিলগ্নে জাতিসংঘসহ বহু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় হেফাজতের অবরোধ কর্মসূচি দেশের ইতিবাচক রাজনৈতিক পরিবেশের জন্য সহায়ক হবে না বলে এফবিসিসিআই মনে করে।”
হেফাজতে ইসলামের ডাকা অবরোধ দেশের অর্থনীতির জন্য নতুন সংকট সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, “এই অবরোধের কারণে সাভার দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন ব্যাহত হবে। এ প্রেক্ষিতে জাতীয় স্বার্থে অবরোধ প্রত্যাহারের জন্য দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এফবিসিসিআই আহবান জানাচ্ছে।”
আকরাম উদ্দিন বলেন, “সাভারের এই ভয়াবহ দুর্ঘটনার প্রেক্ষিতে মানবতার স্বার্থে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলীয় নেত্রী তাদের ডাকা হরতাল প্রত্যাহার করেছেন। সেই সাথে বিরাজমান রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধীদলের নেতার আহ্বানে প্রধানমন্ত্রী সংসদে এবং সংসদের বাইরে আলোচনার প্রস্তাব দিয়েছেন, যাকে ব্যবসায়ী সমাজ অত্যন্ত ইতিবাচক ও দুরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ হিসেবে দেখছে।”
তিনি বলেন, “সরকার ও বিরোধী দলের এ মনোভাব দেশের রাজনীতিতে এক ইতিবাচক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে পারস্পরিক আলোচনার পরিবেশ সৃষ্টি করেছে এবং সমঝোতার মাধ্যমে বিরাজমান সংকট মোকাবেলায় সম্ভাবনার নবদ্বার উন্মোচিত হয়েছে, যা জাতীয় স্বার্থে একান্ত প্রয়োজন ছিল।”
নাস্তিক ব্লগারদের শাস্তি ও নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করাসহ ১৩ দফা দাবিতে গত ৬ এপ্রিল শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সমাবেশ থেকে ৫ মে ঢাকা অবরোধের ঘোষণা দেয়া হয়।
