২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিনিয়োগ করতে চান দুবাই প্রবাসী ব্যবসায়ীরা

দেশে বিনিয়োগের জন্য অবকাঠামো খাতের উন্নয়নের উপর জোর দিয়েছেন দুবাইপ্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

দুবাই সফররত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধি দলের কাছে তারা বিভিন্ন খাতে বিনিয়োগে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন বলে ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া দুবাইতে আরো বেশি হারে বাংলাদেশি পণ্য বাজারজাতকরণের আগ্রহের কথাও জানান তারা।

গত পহেলা মে ডিসিসিআইয়ের সভাপতি সবুর খানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করেন।

সেখানকার প্রবাসী ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে সবুর খান বলেন, “বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত ও আকর্ষণীয় একটি স্থান এবং সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসায়ীদের, বিশেষ করে প্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আব্দুল রহমান সাইফ আল গুরিয়া, ডিরেক্টর জেনারেল হামাদ বুমিন এবং দুবাইয়ের প্রবাসী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।  

তথ্য ও প্রযুক্তি, হোটেল ও পর্যটন, হস্তশিল্প, বিক্রয় ও বিপণনসহ দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ ও ব্যবসায় বহুমুখীকরণের উপর জোর দেন তিনি।

৩০ এপ্রিল দুবাইতে অবস্থিত বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও ঢাকা চেম্বারের প্রতিনিধিদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।