‘ঋণ দেয়া ভবনের তথ্য জানাতে হবে’
ঋণ দেয়া ভবন ইমারত বিধিমালা মেনে হয়েছে কিনা তা জানাতে সংশ্লিষ্ট ব্যাংককে সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে এসব তথ্য দিতে হবে।
এতে বলা হয়, ব্যাংকগুলো আবাসিক-বাণিজ্যিক ভবন নির্মাণসহ এ ধরনের অন্য সব খাতে যে বিনিয়োগ করেছে তা সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে করেছে কিনা- তা ৩০ জুনের মধ্যে জানাতে হবে।
একই সঙ্গে ব্যাংকগুলোর নিজস্ব ভবন/স্থাপনা কেনা বা ইজারার ক্ষেত্রেও বিদ্যমান আইন-বিধিবিধান মানা হয়েছে কিনা-তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
এর আগে শনিবার পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পোশাক কারখানার মালিকদের ভবনের নকশা জমা দিতে সময় বেঁধে দেয়। এক্ষেত্রে তথ্যে গড়মিল পেলে লাইসেন্স বাতিলেরও ঘোষণা দিয়েছে এই সংগঠনটি।
গত বুধবার সাভারে ভয়াবহ ভবন ধসে নিহতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে। ওই ভবনে পাঁচটি গার্মেন্ট কারখানা ছিল, যেখানে তিন হাজারের মতো শ্রমিক কাজ করতেন।
ওই ভবনটি তৈরির ক্ষেত্রে ইমারত বিধিমালা মানা হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।
