গণভবনে বিজিএমইএ-বিকেএমইএ নেতারা
সাভারে ভবন ধসে গার্মেন্ট শ্রমিকদের হতাহতের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গণভবনে গিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতারা।
বিজিএমইএ’র সাবেক সাবেক সভাপতি সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভবন মালিক এবং গার্মেন্ট মালিকদের আটকের বিষয়ে তারা আলোচনা করবেন। নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়েও তারা কথা বলবেন।
এর আগে সাভারে ভবন ধসে মানবিক বিপর্যয়ের পর বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ ও ভাংচুরের প্রেক্ষাপটে দুপুরে শনি ও রোববার তৈরি পোশাক শিল্পের সব কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ।
বুধবার সাভার বাসস্ট্যান্ডের নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে পর নিহতের সংখ্যা ইতোমধ্যে ৩০০ ছাড়িয়ে গেছে। নয় তলা ওই ভবনের দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।
আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।
ভবন ধসে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা। সাভার, আশুলিয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে এসে ভাংচুর শুরু করলে ওই এলাকার সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরেও শ্রমিকরা সড়ক অবরোধ করে গাড়ি ভাচুর করে।
এরপর শুক্রবার গাজীপুরে টানা দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর চলে।
রাজধানীতেও বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা বিক্ষোভ দেখায় এবং যানবাহন ভাংচুর করে। এই পরিস্থিতিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যান চলাচল দারুণভাবে বিঘ্নিত হয়।
শ্রমিক সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবারই রানা প্লাজার পাঁচ পোশাক কারখানার সদস্যপদ স্থগিত করে বিজিএমইএ।
কারখানাগুলোর মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুস সামাদ আদনান। ফ্যানটম অ্যাপারেলস ও ট্যাকের মালিক মো. আমিনুল ইসলাম। আর ইথারটেক্সের মালিক মো. আনিসুর রহমান।
