হরতালে হামলা হলে প্রতিরোধের হুমকি দোকান মালিকদের
হরতালে দোকান খোলা রাখার ঘোষণা দেয়ার পর মালিকরা এবার হুমকি দিয়েছেন, কোনো হামলা হলে তারাও প্রতিরোধ করবেন।
হরতাল নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এর আগে গত ৯ এপ্রিল তারা সিদ্ধান্ত নেয়, হরতালেও দোকান খোলা রাখবেন তারা।
সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশের দোকানগুলোকে মার্কেটভিত্তিক অর্গানাইজ করেছি।”
“হরতালের দিন দোকান খোলা থাকা অবস্থায় যদি আমাদের ওপর কোনো আঘাত আসে, তাহলে আমরা প্রতিঘাত করতে দ্বিধা করব না।”
আক্রান্ত হলে প্রতিরোধ করতে প্রত্যেক দোকানে একটি করে লাঠি রাখতে বলা হয়েছে বলে মঞ্জু জানান।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি এবং নেতাদের আটক করার প্রতিবাদে গত কয়েকমাস ধরে বেশ কয়েকদিন হরতাল করেছে বিএনপি।
এরপর যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে টানা কয়েকদিন হরতাল চলে জামায়াতে ইসলামীর।
হরতালে দোকান খোলা রাখার ঘোষণা দিয়ে নিরাপত্তা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক সমিতি।
মঞ্জু বলেন, “সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এবং চলমান সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে আগামীতে ভ্যাট-ট্যাক্স দেয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।”
ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যথায় পেটের তাগিদে আমরা ধংসাত্মক কর্মসূচি প্রতিহত করতে বাধ্য হব।”
রাজনৈতিক সঙ্কটের অবসানে সরকারের উদ্যোগও প্রত্যাশা করেছেন ব্যবসায়ীরা।
মঞ্জু জানান, সংঘাত অবসানে যদি সরকার এবং বিরোধী দল উদ্যোগ না নেয়, তাহলে মে মাসের প্রথম সপ্তাহে বৃহত্তর কর্মসূচি দেবেন তারা।
