হরতালেও খোলা থাকবে দোকান
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা হরতালেও দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার হরতালের মধ্যেই এক বৈঠকে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই সিদ্ধান্ত নেয়।
টানা হরতাল দেয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি রাজনৈতিক সঙ্কটের অবসানে সরকারের উদ্যোগও প্রত্যাশা করেছেন ব্যবসায়ীরা।
চলতি সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চারদিনেই হরতালের মধ্য দিয়ে যাচ্ছে।
সোমবার হেফাজতে ইসলামের পর মঙ্গল ও বুধবার বিএনপির হরতাল চলছে। বৃহস্পতিবার হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি এবং নেতাদের আটক করার প্রতিবাদে গত কয়েকমাস ধরে বেশ কয়েকদিন হরতাল করেছে বিএনপি।
এরপর যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে টানা কয়েকদিন হরতাল চলে জামায়াতে ইসলামীর।
“হরতালের কারণে আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম,” বলেছেন দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারজ্জামান মঞ্জু।
“তাই আমরাও আমাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ এপ্রিল থেকে অগাস্টে অনুষ্ঠেয় ঈদুল ফিতর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সারাদেশে দোকান খোলা থাকবে।
ব্যবসা প্রতিষ্ঠানে হরতালের সময়ের চিত্র।
হরতালে দোকান খোলার পর নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতাও চেয়েছেন ব্যবসায়ীরা।
মঞ্জু বলেন, “আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েছি এবং সরকার মৌখিকভাবে আশ্বস্ত করেছে।
“বিরোধী দলের কাছেও অনুরোধ করেছি, আশা করি তারা আমাদের অনুরোধ রাখবেন।”
দোকান মালিক সমিতির এই নেতা রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, রাজনৈতিক কর্মসূচি ‘হরতাল’র কারণে তারা এই মাসে এখন পর্যন্ত মাত্র একদিন ব্যবসা করার সুযোগ পেয়েছেন।
“অথচ আমরা কোনো ‘পলিটিকাল ইলিমেন্ট’ নই,” বলেন তিনি।
নৈরাজ্যকর রাজনৈতিক পরিস্থিতি প্রতিরোধে দোকান মালিক ও ব্যবসায়ীদের নিয়ে খুব শিগগিরই সমাবেশ করা হবে বলে বৈঠেকে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সভাপতিত্বকারী মঞ্জু বলেন, হরতাল, সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে এই বছরের তিন মাস নয় দিনে ৫১ দিনই দোকান খুলতে পারেননি তারা।
ঈদুল ফিতর পর্যন্ত কোনো দোকানে সাপ্তাহিক ছুটি না রাখার সিদ্ধান্তও নিয়েছেন দোকান মালিকরা।
ফলে দোকান কর্মচারীরা এই সময়টাতে ছুটিহীন থাকবেন, যদিও শ্রম আইনের ৫(২) ধারা অনুযায়ী একদিনের সাপ্তাহিক ছুটির বাধ্যবাধকতা রয়েছে।
মঞ্জু বলেন, এই বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন তারা।
“আমাদের অনুরোধ তারা বিবেচনা করবে বলে জানিয়েছে।”
