'পুঁজিবাজার নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক'
পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ পুরোপুরি বাস্তবায়নের জন্য জন্য প্রয়োজনে আবারো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল।
পুঁজিবাজারের টানা দরপতনের মুখে গত বছরের নভেম্বরে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে বাজারের স্বার্থে একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য দায়িত্ব দেওয়া হয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে।
এর সপ্তাহখানেক পরই বিএসইসি একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে যাতে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানা সুবিধা দেওয়া হয় এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের নির্দিষ্ট পরিমাণ সুদ মওকুফ ও আইপিওতে কোটা বরাদ্দ করা হয়।
মুস্তফা কামাল বলেন, "প্রণোদনা প্যাকেজের কিছু কিছু বাস্তবায়িত হয়েছে, আবার কিছু কিছু বাস্তবায়িত হয়নি। যেগুলো বাস্তবায়িত হয়নি, সেগুলোর একটা চেকলিস্ট তৈরি করে তা অতি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যেতে হবে।"
২০১০ সালের ডিসেম্বর থেকে পুজিবাজারে ধ্বস শুরু হওয়ার পর গত বছর নভেম্বরে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও বাজারে তার সুফল পড়েনি। গত সপ্তাহে সূচক সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে আসে।
বৃহস্পতিবারের বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিএসইসির চেয়ারম্যান, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতিসহ আইসিবি ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
সংসদীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বৈঠকে পুঁজিবাজারের সমস্যাসমূহ চিহ্নিত করে সেগুলো সমাধানের ব্যবস্থা করে এ বাজারকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর সুপারিশ করা হয়।"
অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে পুঁজিবাজার নিয়ে আলাদা বৈঠক করারও সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে সংসদের আগামী অধিবেশনেই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন আইন পাশ করা হবে বলে জানিয়েছেন মুস্তফা কামাল।
স্টক এক্সচেঞ্জগুলোর মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করার জন্য ডিমিউচুয়ালাইজেশন আইন মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে তোলা হয়েছে। এটি বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে রয়েছে।
কমিটির সভাপতি বলেন, "আইনটিতে কিছু পরিবর্তন করে আগামী অধিবেশনেই পাশ করা হবে।"
পরিবর্তনগুলোর বিষয়ে তিনি বলেন, বর্তমানে আইন অমান্য করলে স্টক এক্সচেঞ্জের সদস্যদের লাইসেন্স বাতিল করতে পারে নিয়ন্ত্রক সংস্থা। নিবন্ধন বাতিলের পরিবর্তে জরিমানার কথা বলা হয়েছে।
ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পর স্টক এক্সচেঞ্জগুলোর লাভের অংশ ৫ বছর করমুক্ত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়টি আগামী বাজেটের অর্থবিলে উল্লেখ থাকবে বলে জানান কামাল।
