ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা রাখার সীমা বেড়েছে
ব্যাংকগুলোকে আরও বেশি বৈদেশিক মুদ্রা রাখার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাজারে মার্কিন ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় এই সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
তবে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর এই মূহুর্তে কোনো কাজে আসবে না। কারণ বর্তমানে কোনো ব্যাংকেরই বৈদেশিক মুদ্রার চাহিদা নেই। বরং অধিকাংশ ব্যাংকেরই উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা রয়েছে।
গত ডিসেম্বর পর্যন্ত দেশের ৪৭টি তফসিলি ব্যাংক তাদের নিজস্ব অ্যাকাউন্টে সর্বোচ্চ ৮১০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা রাখতে পারতো। এখন থেকে তা ৪০ শতাংশ বা ৩২২ মিলিয়ন ডলার বাড়িয়ে এক হাজার ১৩২ মিলিয়ন ডলার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতদিন ব্যাংকগুলোর অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংক কিনে নিয়েছে। সম্প্রতি মুল্যস্ফীতির চাপের কথা চিন্তা করে মুদ্রা সরবরাহ ঠিক রাখতে ব্যাংকগুলোর কাছে ফরেন কারেন্সি রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।এতে ব্যাংকগুলোর কোনো সমস্যা হবে না।"
তবে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের সীমা বাড়ানো হয়নি।সোনালী ব্যাংকের সীমা না বাড়ানোর কারণ হিসেবে ব্যাংকটির মুলধন কমে যাওয়া উল্লেখ করা হয়েছে।
আর অন্য তিনটির ব্যাংকের ক্ষেত্রে তাদের মুলধনের ঘাটতিকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
সীমা বাড়ানোর বিষয়ে ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশ ব্যাংক এমন একটি সময়ে এই লিমিট বাড়ালো যখন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার সারেন্ডার করছে। এতে ব্যাংকগুলোর কোনো লাভ হবে না।”
"আমদানি কম থাকায় বর্তমানে ডলারের চাহিদা খুবই কম। অপরদিকে রপ্তানি আয় ও রেমিটেন্সের কারণে বৈদেশিক মুদ্রা আসছে। যে কারণে অধিকাংশ ব্যাংকের কাছেই অতিরিক্ত ডলার রয়েছে।" যোগ করেন ব্যাংকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) এই ভাইস প্রেসিডেন্ট।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, "ব্যাংকগুলো মুলধনের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা রাখতে পারে। তবে মুলধন বাড়া-কমার সাথে সাথে প্রতিদিন তা সমন্বয় করা সম্ভব হয় না। তাই একটি নির্দিষ্ট সময় পরপর বাংলাদেশ ব্যাংক এটি সমন্বয় করে দেয়। এটি তারই অংশ।”
সম্প্রতি আমদানি কমে যাওয়ায় চাহিদা কমেছে বৈদেশিক মুদ্রার। অপরদিকে রপ্তানি ও প্রবাসী আয়ে (রেমিটেন্স) প্রবৃদ্ধি থাকায় বাড়ছে বৈদেশিক মুদ্রা প্রবাহ। ফলে ব্যাংকগুলোতে জমছে চাহিদার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা।
বর্তমানে দেশে ১৪ বিলিয়ন ডলারের বেশি বিদেশি মুদ্রা মজুদ রয়েছে।
২০১২ সালে ১৪ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। আর চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ১১ দশমিক ১২ বিলিয়ন ডলার এসেছে। প্রবৃদ্ধির হার ১৭ শতাংশ।
আর এ সময়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ১৬ শতাংশ।আমদানি খাতে এলসি খোলার পরিমাণ কমেছে প্রায় ৭ শতাংশ।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৩৬০ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
আন্তঃব্যাংক মুদ্রাবাজারে বুধবার প্রতি ডলার ৭৮ টাকা ৮ পয়সায় বিক্রি হয়েছে।গত বছরের জানুয়ারিতে এর দর বাড়তে বাড়তে এক পর্যায়ে ৮৫ টাকা পর্যন্ত উঠে গিয়েছিল।
