২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ২৬ শতাংশ

পণ্য বাণিজ্যে ঘাটতি কমার ধারা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি)আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ৪৭০ কোটি ৭০ লাখ ডলার।

গত বছরের এই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৬৩৮ কোটি ৪০ লাখ ডলার।

শতকরা হিসাবে এই সময়ে ঘাটতি কমেছে ২৬ দশমিক ৪৪ শতাংশ।

বুধবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

লেনদেনের ভারসাম্য সারণীতে দেখা যায়, চলতি ২০১২-১৩ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিভিন্ন পণ্য আমদানি খাতে মোট ২ হাজার ১৭৮ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হয়েছে।

আর তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৭০৭ কোটি ৭০ লাখ ডলার।

২০১১-১২ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে পণ্য আমদানি খাতে ব্যয় হয়েছিল ২ হাজার ২১০ কোটি ৫০ লাখ ডলার। রপ্তানি খাতে আয় হয়েছিল ১ হাজার ৫৭২ কোটি ১০ লাখ ডলার।

ঘাটতির পরিমাণ ছিল ৬৩৮ কোটি ৪০ লাখ  কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এই হিসাবে আলোচ্য সময়ে আমদানি ব্যয় কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ। আর রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ।

২০১১-১২ অর্থবছরের পুরো সময়ে (১২ মাসে) সার্বিক বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৭৯৯ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণীতে আমদানি ও রপ্তানির যে হিসাব দেয়া হয়েছে, তাতে আমদানি ও রপ্তানি পণ্য মূল্যের প্রকৃত হিসাব (এফওবি) দেখানো হয়েছে।

এ হিসাবে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ইন্সুরেন্স (বীমা), পিএসআইসহ (প্রাক-জাহাজীকরণ পরিদর্শন) অন্যান্য মাশুল বাদ দিয়ে হিসাব করা হয়েছে।

সে কারণে মোট রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের যে হিসাব পাওয়া যায়, তার সঙ্গে এ হিসাবের হেরফের হয়ে থাকে।