আন্তর্জাতিক রুটে উড়বে রিজেন্ট
আন্তর্জাতিক রুটে মে মাসে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।
এ জন্য যুক্তরাষ্ট্র থেকে একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ আনছে তারা।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী ইমরান আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি মে মাসের প্রথম সপ্তাহে দেশে এসে পৌঁছানোর কথা। এরপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুসারে কিছু আনু্ষ্ঠানিকতা রয়েছে। এটি শেষ হতে হতে প্রায় ২ সপ্তাহ লাগবে।”
বেবিচকের আনুষ্ঠানিকতা শেষ হলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করা হবে বলে জানান তিনি।
কুয়ালালামপুরে প্রতিদিন একটি এবং হংকং, সিঙ্গাপুর ও ব্যাংককে সপ্তাহে চারটি করে ফ্লাইট চালানো হবে।
২০১০ সালের নভেম্বর মাসে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে রিজেন্ট এয়ার। বহরে থাকা দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে এতোদিন অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্রগ্রাম, সিলেট, কক্সবাজার ও যশোরে ফ্লাইট পরিচালনা করে আসছে।
বাংলাদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া বেসরকারি সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে আসছে।
