২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পিকেটারদের জনতার ধাওয়া

রাজশাহীতে গাড়ি ভাংচুরের সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেছে পিকেটাররা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগর ভবনের সমনে টায়ার জ্বালিয়ে হরতাল সমর্থকরা সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় তারা একটি অটোরিকশা ভাংচুর করলে আশপাশের এলাকার লোকজন তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পিকেটাররা পালিয়ে যায়।

এর আগে হরতাল সমর্থকরা রাজশাহী কলেজের সামনে ফুটপাতের দোকানের কাঠের টেবিল রাস্তায় ফেলে তাতে আগুন দেয়। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়।

নগরীর কাদিরগঞ্জ ও সাগারপাড়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করে হরতাল সমর্থকরা। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

নগরীতে পুলিশের কঠোর অবস্থানের কারণে পিকেটাররা নাশকতা চালাতে পারেনি বলে তিনি জানান।

এদিকে সকাল ৭টার দিকে হরতাল সমর্থনে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে মিছিলটি সাহেববাজারের দিকে যাওয়ার সময় সোনাদীঘি মোড়ে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা রাস্তার উপর বসে পড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।