এয়ার টেলের ২০ কোটি ডলার ঋণ অনুমোদন
বেসরকারি খাতের ১৫টি প্রতিষ্ঠানকে ৩০ কোটি ডলার বিদেশি ঋণ অনুমোদন দিয়েছে সরকার, এর মধ্যে ২০ কোটি ডলারই মোবাইল অপারেটর এয়ারটেলের।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এ সংক্রান্ত বাছাই কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ কোটি ৭০ লাখ ডলারের বিদেশি ঋণের মধ্যে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডকে ২০ কোটি ডলার এবং প্যাসিফিক টেলিকম লিমিটেডের (সিটিসেল) ৩ কোটি ৫০ লাখ ডলার অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিদেশি ঋণের প্রস্তাব বিবেচনাধীন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অনুমোদন পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অনন্ত অ্যাপারলেস ১ কোটি ২৫ লাখ ডলার, লিডা টেক্সটাইলের ১ কোটি ডলার, মিনহাজ টেক্সটাইলের ১ কোটি ডলার, আয়শা ক্লোদিংসের ৬০ লাখ ডলার, তালহা ফেব্রিক্সের ৫০ লাখ ডলার, নোমান টেরি টাওয়াল লিমিটেডের ৫০ লাখ ডলার, সুফিয়া কটন মিলসের ৩৭ লাখ ডলার এবং ইসহাক টেক্সটাইলের ৩৭ লাখ ৫০ হাজার ডলার, গাজী সিমেন্টের ২৪ লাখ ডলার।
এই ঋণের জন্য লাইবর রেটের (লন্ডন আন্তঃব্যাংক অফার রেট) সঙ্গে সর্বোচ্চ সাড়ে ৪ শতাংশ যোগ করে যে হার দাঁড়াবে সেই হারে সুদ দিতে হবে কোম্পানিগুলোকে।
২০১২ সালে সবমিলিয়ে ১৪৯ কোটি ডলার বিদেশী ঋণ অনুমোদন দেয়া হয়েছিল। ২০১১ সালে অনুমোদন দেয়া হয়েছিল ৮১ কোটি ৯০ লাখ ডলার।
