২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষ্ক্রিয় বিও হিসাব সচল হচ্ছে

নিষ্ক্রিয় বিও হিসাবগুলোকে সক্রিয় করতে ডিএসইর প্রস্তাবে সাড়া দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুঁজিবাজার প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

এই সিদ্ধান্তের ফলে ধুঁকতে থাকা পুঁজিবাজারে লেনদেনের প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় বিও হিসাব সক্রিয় করা ছাড়াও মার্জিন লোন নীতিমালার ৩ (৫) ধারা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯৯৯ সালের মার্জিন লোনের ৩ (৫) ধারা অনুযায়ী, কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিও ১৫০ শতাংশ পর্যন্ত মাইনাসে থাকলে তাকে মার্জিন লোন সমন্বয়ের জন্য স্টক ব্রোকার/স্টক ডিলার ৩ দিনের নোটিস দেবে।

বিনিয়োগকারী যাতে নতুন অর্থ প্রবাহের মাধ্যম পোর্টফোলিওর ঋনাত্মক পরিস্থিতি ১৫০ শতাংশ থেকে কমিয়ে আনতে পারেন সেই জন্যই এই ধারা।

পোর্টফোলিওর ঋণাত্মক অবস্থা ১৫০ শতাংশের নিচে না আসা পর্যন্ত স্টক ডিলার/স্টক ব্রোকার কোনো লেনদেন সম্পন্ন করবে না।

গত ৪ মার্চ এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার স্থিতিশীল করতে ঋণাত্মক ধারায় থাকা পোর্টফোলিও পুনর্বিন্যাস এবং ১৯৯৯ সালের মার্জিন রুলের ৩(৫) ধারা স্থগিত করার আবেদন জানায়।

চিঠিতে মাইনাসে থাকা পোর্টফোলিওগুলোকে সক্রিয় করতে সেগুলো পুর্নবিন্যাস করে মার্চেন্ট ব্যাংক এবং স্টক ব্রোকারদের  ডিসক্রিশনারী সক্ষমতার আওতায় প্রদান করার সুপারিশ করা হয়।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ডিএসই সভাপতি রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসইসি আমাদের প্রস্তাবে সাড়া দিয়েছে, এটা খুব ভাল একটা পদক্ষেপ। এর ফলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়বে।”