হংকং ও দিল্লির আকাশে ফিরছে বিমান
হংকং ও নয়াদিল্লি রুটে আগামী মে মাসে ফের চালু হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
এর মধ্যে ৬ মে ঢাকা-দিল্লি এবং ১৩ মে ঢাকা-হংকং রুটে ফ্লাইট উড়বে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে এ দুটি রুট বন্ধ ছিলো। রুটগুলো কীভাবে লাভজনক করা যায় আমরা তা নিয়ে চিন্তা করেছি। আশা করছি, নতুন পরিকল্পনায় এ দুটো রুট লাভজনক হবে।”
অবশ্য সপ্তাহে কয়টি করে ফ্লাইট চালানো হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
গত বছর হজ ফ্লাইট নির্বিঘ্ন করতে ১৬টি রুটের মোট ২৬টি ফ্লাইট সাময়িক সময়ের জন্য বাতিল করে বিমান। এর মধ্যে হংকং ও দিল্লি রুটে দুটি করে ফ্লাইট চালিয়ে এলেও সেগুলোও বাতিল করা হয়।
এদিকে হংকংয়ে ফ্লাইট পুনরায় চালু হলে তা বিমানের জন্য সুফল বয়ে আনবে- এমন প্রত্যাশা থাকলেও দিল্লি রুটটি ‘আত্মঘাতী’ হতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম।
বিমান পরিচালনা পর্ষদের এই সাবেক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হংকং রুট সব সময়ই লাভজনক ছিলো। এটা পুনরায় চালু হওয়াতে ভালই হবে। বর্তমানে হংকংয়ে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধি পাওয়ায় এখানে যাত্রী পেতে কোন সমস্যা হবে না। অন্যদিকে সারা বছর এ রুটে পণ্য আনা নেয়া চলায় রুটটি বেশ লাভজনক।”
তবে এ রুটটিকে লাভজনক করতে হলে অবশ্যই নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে বলে মনে করেন তিনি।
ওয়াহেদুল আলম বলেন, “আমাদের যে ডিসি-১০ গুলো রয়েছে এগুলোর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি, তাই এগুলো দিয়ে এ রুট কখনোই লাভজনক হবে না। বর্তমান বহরের চারভাগের তিনভাগ উড়োজাহাজের অবস্থাই ভালো নয়। তাই এ বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই ভাবতে হবে।”
অন্যদিকে শুধু ‘পয়েন্ট টু পয়েন্ট’ ফ্লাইট দিয়ে দিল্লি রুট কখনোই লাভজনক হবে না বলে মন্তব্য করেন এই এভিয়েশন বিশেষজ্ঞ।
তার মতে, “অন্য কোন রুটের যেমন নিউ ইয়র্ক বা আমস্টার্ডামের কানেক্টিং রুট হিসেবে দিল্লিতে ফ্লাইট চলতে পারে। না হলে এটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বিমান আগেও এ রুটে ফ্লাইট চালানোর চেষ্টা করেছে, তবে পারেনি।”
