‘অস্থিরতায় সরকারের শেষ সময়ে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়’
রাজনৈতিক অস্থিরতার কারণে প্রত্যেক সরকারের শেষ সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষন করে দেখেছি সব সরকারের শেষ সময়েই এর রকম হয়।”
রোববার বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের মধ্যে যৌথ কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের পর এসব কথা বলেন অর্থমন্ত্রী।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রত্যেক সরকারের মেয়াদের শেষ সময়ে নির্বাচনের আগে এরকম রাজনৈতিক অস্থিরতা হয়। আর এতে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি।”
অস্থিরতার কারণে ভিয়েতনামসহ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মুহিত বলেন, “সরকার আসবে, বদলাবে। এতে কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।”
বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের মধ্যে যৌথ কমিশনের দুদিনব্যাপী দ্বিতীয় বৈঠক রোববার শেষ হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভূ হাই হোয়াং (Vu Huy Hoang)।
ভূ হাই হোয়াং বলেন, “বৈঠকে দুদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা যাচাই এবং নিজ নিজ দেশে বিদ্যমান তুলনামূলক সুবিধা কাজে লাগাতে কার্যকর সরকারি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি।
“আশা করি দুদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে।”
মুহিত জানান, বৈঠকে দুপক্ষের মধ্যে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, কৃষি, পর্যটন, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভূতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলে, “আলোচনা শেষে আমরা কৃষি, সামুদ্রিক মৎস্যসম্পদ, বাণিজ্য, স্বাস্থ্য, পর্যটন, খাদ্য নিরাপত্তা, বিনিয়োগ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধিতে সম্মত হয়েছি।”
এ সহযোগিতা দুদেশের বন্ধনকে আগামীতে আরও দৃঢ় করবে বলে আশাপ্রকাশ করেন অর্থমন্ত্রী।
কমিশনের প্রথম বৈঠক ২০০৬ সালের ৬ ও ৭ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হয়।
কমিশনের তৃতীয় বৈঠক আগামী বছর হ্যানয়ে অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
