২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে কর্ণফুলীর ১৬ ঘাটে পণ্য খালাস বন্ধ

লাইটারেজ জাহাজ শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মূল জাহাজ (মাদার ভেসেল) থেকে পণ্য খালাস এবং চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরের ষোলটি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 06:24 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

বর্ধিত বেতনভাতা পরিশোধ ও নৌ-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে চট্টগ্রামসহ সারাদেশে শুক্রবার থেকে লাইটারেজ জাহাজ শ্রমিকদের কর্মবিরতি চলছে।

ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন স্থানে পণ্যবাহী লাইটারেজ জাহাজ (ছোট জাহাজ) অলস বসে রয়েছে।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিন ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিশটি মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পণ্য খালাস বন্ধ আছে। এসব জাহাজের মধ্যে আটটি সিমেন্ট ক্লিংকারবাহী।

ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাড়ে চারশ লাইটারেজ জাহাজ পণ্য অলস বসে আছে।

চট্টগ্রামের বাইরে দেশের বিভিন্ন ঘাটে আরও ৩২০টি জাহাজ তিন লাখ বিশ হাজার টন পণ্য নিয়ে পরিবহনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

শ্রমিকদের দাবি এবং ধর্মঘটের কারণে চলা অচলাবস্থা নিরসনে রোববার বিকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি সভা হবার কথা রয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

নৌ-যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও লাইটারেজ শ্রমিক ইউনিয়নের অফিস সেক্রেটারি খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ জানুয়ারি জাহাজ মালিকরা বেতন বাড়ানোর ঘোষণা দিলেও তিনমাসেও তা কার্যকর হয়নি।

সে কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতিতে গেছে বলে জানান তিনি।