ওয়ালটনের নতুন কারখানার উদ্বোধন অর্থমন্ত্রীর
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নতুন রেফ্রিজারেটর কারখানা চালু হয়েছে।
শুক্রবার কারখানাটি উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, দেশের শিল্প বিকাশে অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ ওয়ালটন।
“শিল্পক্ষেত্রে ওয়ালটনের বড় বিকাশ হয়েছে। যেভাবে পরিকল্পনা করেছে ওয়ালটন সেভাবেই এগোচ্ছে। তাদের ব্যবস্থাপনা ভালো। রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিংয়ে তারা বড় সফলতা পেয়েছে।”
ওয়ালটন কর্মকর্তারা জানান, নতুন কারখানায় বছরে ৬ লাখ রেফ্রিজারেটর উৎপাদন হবে। এ নিয়ে ওয়ালটনের বার্ষিক রেফ্রিজারেটর উৎপাদনের ক্ষমতা দাঁড়ালো ১৪ লাখে।
সকালে অর্থমন্ত্রী গাজীপুরের চন্দ্রায় এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর.বি. গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভি, ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস এন্ড পলিসি) ফরিদ উদ্দিনসহ ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী প্রথমেই ওয়ালটনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স কারখানার নির্মানকাজ পরিদর্শন করেন।
আরবি গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মানাধীন এই কারখানায় মোবাইল ফোনসেট, কম্পিউটার মনিটর ও মাদারবোর্ডের পাশাপাশি এ্যাডভান্স এলইডি, ওএলইডি এবং থ্রিডি টেলিভিশন, এলইডি বাতি, হোম এ্যাপ্লায়েন্স (মাইক্রোওয়েভ ওভেন, ইনডাকশন কুকার, আইরন, ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, হেয়ার ড্রায়ার, রাইস কুকার) এ্যালকালাইন ব্যাটারি ইত্যাদি তৈরি হবে।
