২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহকদের আস্থা পেতে হবে নতুন ব্যাংককে: অর্থমন্ত্রী 

বিনিয়োগের পাশাপাশি জনগণের আস্থা অর্জনের দিকে মনোযোগী হতে নতুন লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 04:30 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

সাউথ-বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, “দেশে ব্যাংকের সংখ্যা ৫০ এর বেশি হয়ে গেলে। সংখ্যাটি বেশ ভালো। তবে আমার কাছে একটু বেশি মনে হয়।”

তবে ১৫ কোটি মানুষের দেশে ৮ হাজার ব্যাংক শাখা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

মুহিত বলেন, “ব্যাংকের মুল কাজ বিনিয়োগ করা। সেবা করা। ব্যাংক চলে আস্থার ওপর। এই ব্যাংকটি সকলকে আস্থায় নেওয়ার চেষ্টা করবে বলে আমার বিশ্বাস।”

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, “শুধু মুনাফা ও মূলধনের পর‌্যাপ্ততা দিয়ে ব্যাংকের মান নির্ধারণ করা যায় না। বাণিজ্যিক কৌশলও একটি মানদণ্ড।”

ব্যাংক ঋণের উচ্চ সুদ হার কমিয়ে আনতে তিনি পুঁজিবাজারকে ব্যবহার করার পরামর্শ দেন।

গভর্নর আতিউর রহমান বলেন, “নতুন ব্যাংকগুলো শক্তিশালী ভিত্তি নিয়ে আসছে। এজন্য ব্যাংকগুলো সহজে সফল হবে। এসব নতুন ব্যাংক আসায় দেশের বিনিয়োগ ব্যবস্থারও উন্নতি হবে।”

কেবল ‘দ্রুত মুনাফার দিকে’ না ঝুঁকে সমাজের কল্যাণেও ব্যাংকিং সেবাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান মন্ত্রী।

ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সুদ হার কমিয়ে আনতে অর্থমন্ত্রী, অর্থউপদেষ্টা ও গভর্নরের প্রতি আহ্বান জানান। 

সাউথ-বাংলার চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বলেন, “আমরা ব্যাংক প্রতিষ্ঠা করেছি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্য নিয়ে। আমরা নারী উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তাদের অগ্রাধিকার দেব।”

অন্যদের মধ্যে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির সভাপতি নরুল আমীনও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

বর্তমান সরকার বেসরকারি খাতে ৯টি ব্যাংকের অনুমোদন দিয়েছে। এর মধ্যে গত ২৫ মার্চ ৩টি ব্যাংককে তফসিলিভুক্ত করে গেজেট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

১৯৮২ সালে আরব-বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে বেসরকারি খাতের ব্যাংকের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে ৩০টি বেসরকারি ব্যাংক কাজ করছে। নতুন এই ৯টি ব্যাংক যোগ হলে ৩৯টি বেসরকারিসহ মোট ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৫৬টিতে।