২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তার সম্পদের হিসাব তলব

সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের নয় সদস্যের সম্পদ বিবরণী জমা দিতে বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

তালিকায় পরিচালনা পর্ষদের সদস্য ছাড়াও ব্যাংকের দুই কর্মকর্তা রয়েছেন।

পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- সাবেক চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, সাবেক পরিচালক সুভাষ সিংহ রায়, আনোয়ার শহিদ, এএসএম নায়েম, কেএম জামান রোমেল, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, শহীদুল্লাহ মিয়া, কাশেম হুমায়ুন ও সাইমুম সারোয়ার কমল।

আর দুই কর্মকর্তার মধ্যে রয়েছেন, ননী গোপাল নাথ ও খুরশিদ আলম।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হল-মার্ক অর্থ কেলেঙ্কারির এফআইআর দাখিলের সময়ই কমিশনের সিদ্ধান্ত ছিল যে, এদের সম্পদ খতিয়ে দেখা হবে। সেই সিদ্ধান্তের আলোকে তদন্তকাজের অংশ হিসেবে তাদের নোটিশ দেয়া হয়েছে।”

গত ফেব্রুয়ারিতে পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জান্নাত আরা হেনরী ও সাবেক এমডি ও সিইও হুমায়ুন কবিরকে নোটিশ দেয়া হয়েছিল।

অবৈধ আইবিপি’র মাধ্যমে সোনালী ব্যাংকসহ ৪১টি ব্যাংক থেকে ৩৬০০ কোটি টাকা হাতিয়ে নেয় হল-মার্ক, ডিএন স্পোর্টস, টিঅ্যান্ড ব্রাদার্স, প্যারাগন গ্রুপ, খানজাহান আলী স্যুয়েটার্স এবং নকশী নিট কম্পোজিট- এই ছয়টি প্রতিষ্ঠান।

এর মধ্যে হল-মার্ক গ্রুপ একাই সরিয়েছে প্রায় ১৫শ’ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কতিপয় ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে হল-মার্কসহ এিই ছয়টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা এবং কেন্দ্রীয় শাখা থেকে মোট ১৫শ’ কোটি টাকা সরিয়েছে। বাকি ১১শ’ কোটি টাকা সরানো হয়েছে সোনালী ব্যাংকের লেটার অব ক্রেডিট প্রদর্শনের মাধ্যমে ৪১টি ব্যাংক থেকে।

সরাসরি সোনালী ব্যাংক থেকে অর্থ সরানোর ঘটনাটিকে ‘ফান্ডেড’ এবং বাদবাকি ব্যাংকগুলো থেকে অর্থ পাচারের ঘটনাকে ‘ননফান্ডেড’- এই দুভাগে ভাগ করে তদন্তকাজ পরিচালিত হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

গত ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের সাত জন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তাকে আসামি করে রাজধানীর রমনা থানায় ১১টি মামলা করে দুদক।

হল-মার্কের সহযোগী বাকি পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তীতে আরো ২৬টি মামলা দায়ের করা হয়।