পূঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগে অভিহিত মূল্য বিবেচনার দাবি
পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগক্রয় মূল্যের পরিবর্দে অভিহিত মূল্যে বিবেচনা করার দাবি জানিয়েছে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
সোমবার সকালে গুলশানের একটি হোটেলে এবিবির সভাপতি নূরুল আমীনের সভাপতিত্বে পুঁজিবাজার সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে এ দাবি উঠে আসে।
ব্যাংকের বিনিয়োগ বাজারমুল্যে বিবেচনা না করে অভিহিত মূল্যে বিবেচনার জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে এবিবির পক্ষ থেকে প্রস্তাব দেয়ার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার বাজার ধসের জন্য কেন্দ্রীয় ব্যাংককে দায়ী করে বলেন, ২০১০ সালে এক মাসের মধ্যে ব্যাংকগুলোকে বিনিয়োগ সমন্বয় করার নির্দেশ দেয়া হয়। যার ফলে বাজারে ধস নামে এবং এরপর থেকে বাজার আর উঠতে পারেনি।
বিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান বলেন, বাজার মূল্যে বিনিয়োগ বিবেচনা করলে অনেকের বিনিয়োগের সুযোগ থাকে না। কারণ নতুন আইন অনুযায়ী ইক্যুইটির ২৫ শতাংশ বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। সে হিসেবে অনেক ব্যাংকের বিনিয়োগ বর্তমানে ২৫ শতাংশের ওপরে রয়েছে।
ইসলামী ব্যাংকের এমডি আব্দুল মান্নান বলেন, “আমরা পুঁজিবাজারের বিষয়ে খুবই ইতিবাচক। ইসলামী সূচক চালুর বিষয়ে ডিএসই আমাদের সঙ্গে আলোচনা করেছে। আমরা চাই অন্য ৭টি ইসলামী ব্যাংকের সঙ্গে আলোচনা করে ডিএসই শিগগির ইসলামী সূচক চালুর করুক।”
পুঁজিবাজারে ব্যাংকগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান বলেন, “২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যাংকগুলো যে ইক্যুইটি রেইজ করেছে তার ৭০ শতাংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করা হয়েছে। আইপিও, রাইট শেয়ার কিংবা আরপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে এ সময় ২১ হাজার কোট টাকা সংগ্রহ করা হয়েছে। অথচ বর্তমানে ব্যাংকের বিনিয়োগ রয়েছে মাত্র ২.৫ শতাংশের মতো।”
পুঁজিবাজার সমন্বয় কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “অনেক সময় ঋণ ক্লাসিফাইড হয়ে যায়। এভাবে ব্যাক্তি মানুষকে ঋণ দিয়ে ক্লাসিফাইড হওয়ার চেয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করা ভালো। এতে ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজার ও বিনিয়োগকারী উপকৃত হবেন।”
বৈঠকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. এ হাফিজ, ডিএসইর সহ-সভাপতি শাহাজান, ডিএসইর পরিচালক ব্রিগেডিয়ার ওয়াকার এ চৌধুরীসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।
