রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার এক ঘণ্টা পেছালো লেনদেন
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি সম্মান দেখিয়ে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক ঘন্টা পিছিয়ে দিয়েছে পরিচালনা পর্ষদ।
তবে লেনদেন শেষ হবে দুপুর আড়াইটায় নির্ধারিত সময়েই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি মো. রকিবুর রহমান পরিচালনা পর্ষদ ও সব সদস্যদের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে পরিচালনা পর্ষদের সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চের লেনদেনও এক ঘণ্টা দেরিতে শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। রাষ্ট্রপতির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
