২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রাম-দুবাই সরাসরি কার্গো ফ্লাইট চালাবে এমিরেটস

চট্রগ্রাম থেকে সরাসরি দুবাইয়ে কার্গো ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের পরিবহন শাখা স্কাইকার্গো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বর্তমানে চট্টগ্রাম থেকে হংকং হয়ে দুবাইয়ে কার্গো ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এমিরেটস এয়ারলাইন্সের এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চলের কমার্শিয়াল-কার্গো বিভাগের ভাইস প্রেসিডেন্ট  রবি শংকর মিরলে বলেন, “ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে আমরা যে পরিমাণ মালামাল পরিবহন করছি তা সন্তোষজনক।”

“আমরা এতোদিন চট্রগ্রাম থেকে হংকং হয়ে দুবাইয়ে কার্গো ফ্লাইট পরিচালনা করে আসলেও ভবিষ্যতে চট্টগ্রাম থেকে সরাসরি দুবাই রুটে নতুন কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা  রয়েছে।”

স্কাইকার্গো বর্তমানে চট্টগ্রামে ১০৩ টন মালামাল পরিবহন ক্ষমতাসম্পন্ন বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে একটি সাপ্তাহিক কার্গো ফ্লাইট পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে এমিরেটস্ স্কাইকার্গোর ম্যানেজার ফ্রেইটার অপারেশেনস্ নিহাল হেট্টিআরাচ্চি এবং বাংলাদেশ শাখার কার্গো ম্যানেজার শেখ ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

এমিরেটস্ স্কাইকার্গো ঢাকা থেকে দুবাই, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন গন্তব্যে চারটি সাপ্তাহিক কার্গো ফ্লাইট পরিচালনা করছে।

এমিরেটস্ স্কাইকার্গো বিশ্বের ৭৭টি দেশের ১৩২টির বেশি গন্তব্যে মালামাল পরিবহন সুবিধা প্রদান করছে।