হরতাল প্রত্যাহারের আহ্বান পোশাক শিল্প মালিকদের
প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা আগামী ১৮ ও ১৯ মার্চের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঘন ঘন হরতাল আহবানের ফলে বিঘ্নিত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আমদানিকৃত কাঁচামালের চালান বন্দর থেকে খালাস করা সম্ভব হয় না, আর এর প্রভাব পড়ছে উৎপাদন ব্যবস্থায়। অন্যদিকে সময়মতো পণ্য রপ্তানি করতে না পারায় ক্রয়াদেশ বাতিলের হুমকি দিচ্ছেন বিদেশি ক্রেতারা।
অনেক উদ্যোক্তাই নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে বিমান ব্যবহার করে লোকসান দিতে বাধ্য হচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, অনেক উদ্যোক্তাই নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের জাহাজীকরণ করতে না পারায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা হারানোর শঙ্কাসহ জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রতিকূলতা মোকাবেলা করে এখাতের উদ্যোক্তারা বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আরো শক্তিশালী করতে নিরন্তর সংগ্রাম করছেন।
এমন সময়ে হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি পোশাক খাতকে আরও পিছিয়ে দিচ্ছে বলে জানান তারা।
হরতালসহ চলমান রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিনিয়োগ, রপ্তানি এবং কর্মসংস্থান নিশ্চিতভাবেই হুমকির মুখে পড়বে বলে বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়।
জাতীয় অর্থনীতির স্বার্থে আগামী ১৮ ও ১৯ মার্চ ডাকা হরতাল প্রত্যাহারসহ আগামি দিনগুলোতে হরতালের মতো ক্ষতিকর রাজনৈতিক কর্মসূচি না দেয়ার জন্য সব রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়েছেন তারা।
ইতিমধ্যেই গত ডিসেম্বর মাসে তিন দিন হরতাল ও একদিনের অবরোধ কর্মসূচি, জানুয়ারি মাসে দুই দিন হরতাল, ফেব্রুয়ারি মাসে চারদিন এবং চলতি মার্চ মাসে তিন দিন হরতাল পালন করা হয়েছে।
