আগ্রহীদের জায়গা দিতে পারছে না বেপজা
পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক বিদেশি বিনিয়োগকারীকে ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান কেএম মমিনুর রহমান।
বুধবার বেপজা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পরযাপ্ত জায়গা না থাকায় এযাবত ৩০টির বেশি বিদেশি প্রতিষ্ঠানকে বিনিয়োগের সুযোগ দেয়া সম্ভব হয়নি।”
বেপজার মাধ্যমে বিনিয়োগের জন্য প্রতিনিয়ত নানান বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান আসছে বলে দাবি করেন তিনি।
মমিনুর বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক পটপরিবর্তনের কারণে চীনসহ দেশ থেকে উদ্যোক্তারা সুবিধাজনক স্থানে শিল্প পরিচালনা পদ্ধতি পুনর্নির্ধারণের পরিকল্পনা করছে এবং শিল্প পরিস্থাপনে অনুপ্রাণিত হচ্ছে। এই পরিবর্তনে বাংলাদেশে বড় আকারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে।”
চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় উৎপাদন খরচ ও মজুরি বেড়ে যাওয়ায় শিল্পোদ্যোক্তারা অন্য স্থান খুঁজছেন বলে বিশ্লেষকরা বলছেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান জানান, স্যামসাংসহ অনেক বিদেশি নামী প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। স্যামসাং ২৫০ একর জমি বেপজার কাছে চেয়েছে।
আগামী ১৯ মার্চ স্যামসাংয়ের সঙ্গে কারখানা স্থাপনের বিষয়ে বিষয়ে বৈঠকে বসবে বেপজা।
মালয়শিয়ার গ্লোবাল লেবেল এবং থাইল্যান্ডের পিএইচ গার্মেন্টস তাদের বিদেশি কারখানা গুটিয়ে বাংলাদেশে এসেছে বলে জানান মমিনুর।
রপ্তানি বেড়েছে ১৩.২৭%
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ইপিজেডে স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলো ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৩০৬০.৭১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.২৭% বেশি।
গত অর্থবছরে এই সময়ে রপ্তানি হয়েছিল ২৭০১.৯২ মিলিয়ন ডলার।
এবার আট মাসে চট্টগ্রাম ইপিজেডে ১৩১৮.৭৫ মিলিয়ন ডলার, ঢাকা ইপিজেডে ১১২৮.১৯ মিলিয়ন ডলার, কর্ণফুলী ইপিজেডে ২২২.৭১ মিলিয়ন ডলার, আদমজী ইপিজেডে ১৭১.৩৬ মিলিয়ন ডলার, কুমিল্লা ইপিজেডে ১১৮.৬৯ মিলিয়ন ডলার, মংলা ইপিজেডে ৪৯.৫২ মিলিয়ন ডলার, ঈশ্বরদী ইপিজেডে ৩৮.৬২ মিলিয়ন ডলার এবং উত্তরা ইপিজেডে ১২.৮৭ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।
বিনিয়োগ কমেছে ৬%
মমিনুর রহমান বলেন, ইপিজেডসমূহে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকৃত বিনিয়োগ হয়েছে ২২২.৬৮ মিলিয়ন ডলার।
এর মধ্যে চট্টগ্রাম ইপিজেডে ১০০.৫১ মিলিয়ন ডলার, ঢাকা ইপিজডে ৪৮.৫৫ মিলিয়ন ডলার, কর্ণফুলী ইপিজেডে ২৮.১৯ মিলিয়ন ডলার, আদমজী ইপিজডে ১৯.০৫ মিলিয়ন ডলার, উত্তরা ইপিজেডে ১০.৫১ মিলিয়ন ডলার, কুমিল্লা ইপিজেডে ১১.৪৭ মিলিয়ন ডলার, ঈশ্বরদী ইপিজেডে ৩.০৬ মিলিয়ন ডলার এবং মংলা ইপিজেডে ১.৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।
দেশের ৮টি ইপিজেডের ফেব্রুয়ারী পর্যন্ত সর্বমোট পুঞ্জিভূত বিনিয়োগ হয়েছে ২৬৭৯.৬৪ মিলিয়ন মার্কিন ডলার।
কর্মসংস্থান বেড়েছে ২২.৬৩%
বেপজার নির্বাহী চেয়ারম্যান জানান, ইপিজেডগুলোতে চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ২১,৪৩১ জন বাংলাদেশি নাগরিকের নতুন কর্মসংস্থান হয়েছে।
এক্ষেত্রে ২২.৬৩% প্রবৃদ্ধি হয়েছে, গত বছরে এই সময়ে ১৭,৪৭৫ জনের কর্মসংস্থান হয়েছিল।
চট্টগ্রাম ইপিজেডে ৪৬৮৮ জন, ঢাকা ইপিজেডে ২৭৯২ জন, মংলা ইপিজেডে ৬৯ জন, কুমিল্লা ইপিজেডে ১৪৪৭ জন, আদমজী ইপিজেডে ৬৫৫০ জন এবং কর্ণফুলী ইপিজেডে ৫৮৮৫ জনের কর্মসংস্থান হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে কোনো রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ দেশের অর্থনীতির জন্য খারাপ হলেও দেশের ইপিজেডগুলোতে এর তেমন প্রভাব পড়ে না।”
সংবাদ সম্মেলনে বেপজার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর উপস্থিত ছিলেন।
