২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মার্চ থেকে পর্যটন মেলা

আগামী ১৫ মার্চ থেকে রাজধানীতে তিন দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

ঢাকা ট্রাভেল মার্ট ২০১৩ শিরোনামে ভ্রমণ বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটরের দশম এ আয়োজন চলবে ১৭ মার্চ পর্যন্ত।

বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক কমিটির চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছরের মেলায় বাংলাদেশসহ ৬টি দেশের ৫০টি  প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট ও আর্থিক প্রতিষ্ঠান।

অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শণার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে।

মেলা চলাকালীন  সোনারগাঁও হোটেল, দি বাংলাদেশ মনিটর-এর সহযোগিতায় ক্যাফে বাজার রেস্টুরেন্টে তিনদিনের একটি সাউথ এশিয়ান ফুড ফেস্টিভালের আয়োজন করবে।

প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের মূল্য  ২০ টাকা।

প্রবেশ কূপনের ওপর থাকছে র‌্যাফেল ড্র, যা মেলার শেষদিন ১৭ মার্চ  উপস্থিত সবার সামনে অনুষ্ঠিত হবে।

মেলায় আর্থিক সহযোগিতা করছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।

এছাড়াও ব্যাংকিং পার্টনার হিসেবে ইস্টার্ন ব্যাংক  ও এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ মেলায় সহযোগিতা করছে।

সংবাদ সম্মেলনে ইউনাইটেড এয়ারওয়েজ এর পরিচালক ( বিপণন ও বিক্রয়)  খাজা জোনায়েদ, ইস্টার্ন ব্যাংক হেড অফ ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন্স জিয়াউল করিম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল হাসান উপস্থিত ছিলেন।