বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ এগিয়ে
দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণের পর গণনা চলছে।
রোববার রাত ১টা পর্যন্ত গণনায় সম্মিলিত পরিষদ এগিয়ে ছিল। সামান্য পিছিয়ে ছিল ফোরাম।
বিজিএমইএ পরিচালনা পর্ষদের ২০১৩-১৪ মেয়াদের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ পদের বিপরীতে ৪০ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ৭ পদের বিপরীতে ১৪ জন।
এবার ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৫৯২ ও চট্টগ্রামে ৬০৪ জন।
এর মধ্যে ঢাকায় ২ হাজার ২৫৯ জন ও চট্টগ্রামে ৫৫৪ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন।
রাত ১টা পর্যন্ত গণনায় দেখা যায়, সম্মিলিত পরিষদ ৭২৫টি প্যানেল ভোট পেয়েছে। অন্যদিকে ফোরাম পেয়েছে ৭০৭টি ভোট।
ঢাকায় সম্মিলিত পরিষদ ৫৬৭টি প্যানেল ভোট পায়, যেখানে ফোরাম পায় ৫৪৪টি।
চট্টগ্রামে ফোরাম পায় ১৬৩টি প্যানেল ভোট, সম্মিলিত পরিষদ পায় ১৫৮টি।
যান্ত্রিক পদ্ধতিতে ভোট গণনা চললেও রাত ১টার দিকে যন্ত্রে ত্রুটি দেখা দেয়। এর পর হাতে গণনা শুরু হয়।
ভোট গণনা শেষ হতে সকাল গড়াবে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।
সম্মিলিত পরিষদের নেতা বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম
পরিষদের ঢাকা অঞ্চল থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- মো. সাজ্জাদুর রহমান মৃধা, এস এম মান্নান(কচি), মাহবুবুর রহমান, আবুল কালাম, মনসুরুল হক(মনজু), শহিদুল্লাহ আজিম, খন্দকার আবদুস সালাম, কে এম রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, পিয়ারা নার্গিস, মশিউল আজম(সজল), সৈয়দ সাদিক আহমেদ, মোহাম্মদ নাসির, ফাইজুন নবী চৌধুরী, আজমত রহমান, আতিয়ার রহমান, রিয়াজ-বিন-মাহমুদ(সুমন), আবদুল্লাহ হিল রাকিব ও আরশাদ জামাল(দিপু)।
পরিষদের চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন- নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মো. আবদুল ওহাব, শেখ সাদি, অঞ্জন শেখর দাশ, সাব্বির মোস্তফা, আমজাদ হোসেন চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম।
অন্যদিকে ফোরামের প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএ’র সাবেক সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু।
ফোরামের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হলেন- এ বি এম সামছুদ্দিন, আবদুল্লাহ আল-মাহমুদ, আনোয়ার হোসেন, আনোয়ার কামাল পাশা, রশিদ আহমেদ হোসাইনী, ফয়সাল সামাদ, ফেরদৌস পারভেজ বিভন, ইনামুল হক খান, ইকবাল হামিদ কোরাইশী, এম এ রহিম, মজুমদার আরিফুর রহমান, মারিয়া জামান, কামাল উদ্দিন, রেজাওয়ান সেলিম, শহিদুল হক, শহীদুল ইসলাম, শিহাব উদ্দোজা চৌধুরী, এম এ সালাম ও ভিদিয়া অমৃত খান।
এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ‘ধারাবাহিকতা’ আর ফোরাম প্যানেল ‘পরিবর্তন’ স্লোগান নিয়ে মাঠে নামে।
নির্বাচনে বিজয়ী পরিচালকরা আগামী ২১ মার্চ একজন সভাপতি ও চারজন সহ-সভাপতি নির্বাচন করবেন।
