ডিএসইতে সূচক সামান্য কমেছে
সপ্তাহের তৃতীয় দিন ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক সামান্য কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টা সূচক উঠে। এর পর সূচক নামতে থাকে। লেনদেন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৪১ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪০৯ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ২০২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৯২টির, কমে ১৫৮টির। অপরিবর্তিত ছিল ২১টির দাম।
সপ্তাহের প্রথম দিন দরপতনের পর সোমবার ডিএসইএক্স এ যোগ হয় প্রায় ১২৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২৭৩ কোটি টাকার।
রোববার ডিএসইএক্স কমে প্রায় ২০৭ পয়েন্ট, যা নতুন এই সূচকের সর্বনিম্ন অবস্থান। লেনদেন হয় প্রায় ২৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১৮২ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ। গড় লেনদেন হয় ২৮৩ কোটি টাকা।
