ডিএসইতে সূচক কমলো টানা ৪ দিন
প্রথম তিন দিন সূচক কমার পর সপ্তাহের চতুর্থ দিনও দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সোয়া একটা পর্যন্ত সূচকে ওঠানামা চলে। এরপর সূচক কমতে থাকে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৫ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৫ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট কমে হয় ১ হাজার ৫০২ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৪৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৩৬টির, কমে ২০৪টির। অপরিবর্তিত ছিল ৩২টির দাম।
মঙ্গলবার ডিএসইএক্স কমে প্রায় ৫৫ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৫৪৩ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ৪৯৯ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমে প্রায় ১৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৪৫৩ কোটি টাকার।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচক বাড়ে প্রায় ১০৫ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ। গড় লেনদেন হয় ৪৬৬ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। গড় লেনদেন হয় ৩০৬ কোটি টাকা।
আর্ন্তজাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে।
গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।
আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।
