২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বুধবার থেকে আবাসন মেলা

চট্টগ্রামে বুধবার থেকে শুরু হচ্ছে চার দিনের আবাসন মেলা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

‘দেশের জন্য সবুজ’ - এই স্লোগানে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে এই মেলা আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব)।

মেলার উদ্বোধন করবেন পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম ও নগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

রোববার চট্টগ্রাম ক্লাবে আবাসন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে রিহ্যাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনিসুজ্জামান ভূইয়া রানা জানান, চট্টগ্রামের রিহ্যাব ফেয়ারে ৬৮টি সদস্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদের মধ্যে নয়টি আবাসন প্রতিষ্ঠান কো-স্পন্সর  হিসেবে আছে।

চট্টগ্রামের বাইরে ঢাকা ও অন্যান্য অঞ্চলের আবাসন প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

চট্টগ্রামের এই আবাসন মেলা প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

৫০ টাকার টিকিট কিনে মেলায় ঢুকতে হবে। টিকিট বিক্রি থেকে পাওয়া টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রিহ্যাব সাধারণ সম্পাদক আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৯বি পুনঃপ্রবর্তনের মাধ্যমে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি জানান।

তা দিলে দেশ থেকে অর্থ পাচার বন্ধ হবে বলেও দাবি করেন তিনি। 

সারাদেশে রিহ্যাবের সদস্য ১ হাজার ১৭৭ প্রতিষ্ঠান এবং এর ৯৬টি চট্টগ্রামের বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান।

মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিহ্যাব এর কো-চেয়ারম্যান মো. আবদুর রশিদ, মো. আবদুর রহিম খান, প্রকৌশলী এস এম আবু সুফিয়ান প্রমুখ।