২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আস্থা ফেরাতে বিএসইসির সক্ষমতা বাড়ানোর পরামর্শ

পুঁজিবাজারের খারাপ অবস্থার পেছনে আস্থা ও তারল্য সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন একটি গোলটেবিল বৈঠকের আলোচকেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 07:23 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে সক্ষমতা বাড়াতে পরামর্শ দিয়েছেন তারা।

শনিবার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ‘বিনিয়োগকারীদের আস্থা এবং পুঁজিবাজার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।

গোলটেবিল বৈঠকে ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ আবু আহমেদ, অর্থনীতিবিদ প্রফেসর মামুন রশীদ, আইসিবির এমডি মো. ফাইকুজ্জামান, এবিবির সভাপতি নুরুল আমিন, লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী, আইসিএবির সভাপতি আব্দুস সালাম, আইসিএবির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মার্চেন্ট ব্যাংক প্রাইম মার্চেন্ট ব্যাংকের সিইও মর্তূজা আহমেদ, ব্রোকার হাউজ ব্রাক ইপিএল-এর সিইও রহমত পাশা, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই সভাপতি আল মারুফ খান।

এছাড়া সিএসই পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দও এ গোলটেবিল সভায় অংশগ্রহণ করেছেন। 

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমিন বলেন, “পুঁজিবাজারের টাকার সংকট নেই আছে আস্থার সংকট।”

“পরিচালক হওয়ার জন্য দুই শতাংশ ধারন করার যে নীতিটি গ্রহণ করা হয়েছিল তার প্রভাব বাজারের জন্য খুব ভাল হয়নি।”

অধ্যাপক আবু আহমেদ বলেন, “২০১০ সালের পতনের সময় বিনিয়োগকারীদের পকেটের টাকা নিয়ে কিছু লোক বাজার থেকে চলে গেছে। আজ পর্যন্ত তাদের কোনো ধরনের বিচারের আওতায় আনা হয়নি। গত দুই বছরে যাদেরকে ডেকে আনা হলো তাদের জন্য কিছুই করা হয়নি। পুঁজিবাজারে এখনো ধোঁকাবাজি চলছে।”

তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন আরো বেশি গ্রহণযোগ্য করার জন্য ‘আর্থিক প্রতিবেদন আইন’ করা জরুরি বলে তিনি মনে করেন।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, “সচেতনতা শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাড়াতে হবে এমনটা নয়, বাজার সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। এক লাখ হাজার কোটি টাকা ইসলামী ব্যংকগুলোতে ডিপোজিট রয়েছে। তারা যাদি বিনিয়োগে আসে তবে বাজারের জন্য ইতিবাচক হবে।”

বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, “২০১০ সালে সময়টা ছিল লুটপাটের। যারা ঐ সময় টাকা নিয়ে গেছে তাদের কোনো বিচার হয়নি। আগে সবাই জানতো বাজার পড়ে যাবে কিন্ত কেউ এটাকে বন্ধ করার কোনো পদক্ষেপ নিল না। লাখ লাখ বিনিয়োগকারী নি:স্ব হয়ে গেছে তাদের আবার ফিরিয়ে আনা কঠিন হবে।”

বর্তমানে ৪০ শতাংশ গ্রাহকের পোর্টফোলিও নেতিবাচক অবস্থায় রয়েছে উল্লেখ করে প্র্রাইম ফাইন্যান্সের ব্যাপস্থাপনা পরিচালক শেখ মর্তুজা বলেন, “নগদ টাকার সরবরাহ বাড়লেই বাজার স্থিতিশীল হবে এটা ভাবা ঠিক নয়। সব ধরনের বিনিয়োগকারীদরে অংশগ্রহণ বাড়ানো দরকার।”

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ফায়েকুজ্জামান বলেন, “বাজার ভালো করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা বাড়াতে হবে। বাজারের গভীরতা বড় বিষয়। চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে।”

লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন এর সভাপতি তপন চৌধুরী বলেন, “কাগজে কলমে যে আইন কানুন রয়েছে সেগুলোর বাস্তবায়ন না হলে সব ধরনের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। তালিকাভুক্তির জন্য সুন্দর একটি রিপোর্ট জমা দেওয়া কোনো বিষয় নয়। প্রয়োজন আর্থিক প্রতিবেদনের ক্ষেত্রে সচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়ানো।