২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা নিয়ে অনিশ্চয়তা

কানাডার বাজারে প্রায় ১০০ কোটি ডলারের বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

তবে এ সুবিধা অব্যাহত রাখতে সরকার ইতোমধ্যেই চেষ্টা শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ।

সোমবার সচিবালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “শুল্কমূক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য কানাডা সরকারের কাছে কিছু সুবিধা চেয়ে চিঠি পাঠাব আমরা।”

জেনারেল প্রেফারেন্সিয়াল ট্যারিফের (জিপিটি) আওতায় বাংলাদেশসহ ১৭৫টি দেশকে শুল্কমূক্ত সুবিধা দেয় কানাডা।

প্রতি ১০ বছর পর এ সুবিধা পুনর্বিবেচনা করে দেশটি। সর্বশেষ ২০০৩ সালে জিটিপি সুবিধা পুনর্বিবেচনা করা হয়।

মাহবুব আহমেদ জানান, এবছর পুনর্বিবেচনায় জিপিটি সুবিধা থেকে ৭২টি দেশ বাদ পড়লেও তাতে বাংলাদেশ নেই। তবে নিয়মানুযায়ী জিপিটি সুবিধা থেকে বাদ পড়া কোনো দেশ থেকে পণ্য (কাঁচামাল) কিনে পোশাক প্রস্তুত করলে তা জিপিটি সুবিধা পাবে না।

তিনি বলেন, “এবার ভারত ও চীন জিপিটি সুবিধা থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে।”

বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রায় ৬০ শতাংশ কাপড় (ফেব্রিক্স) ও ৫০ শতাংশ সুতা (ইয়ার্) আমদানি হয় ভারত ও চীন থেকে। এ কারণে বাংলাদেশি পণ্যের কানাডায় শুল্কমূক্ত সুবিধা (জিপিটি) বাদ আশঙ্কা তৈরি হয়েছে।

এবিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চীন ও ভারত থেকে কাপড় ও সুতা আমদানি বন্ধ করার মতো উপায় এখন নেই। আবার এদের কাপড় ও সুতা ব্যবহার করলে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে না। আবার শুল্ক দিয়ে প্রবেশ করলে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হবে।”

শেষ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা হারালে কানাডায় ৪০ থেকে ৫০ শতাংশ রপ্তানি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি।

গত বছর কানাডার বাজারের বাংলাদেশ থেকে প্রায় ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যার মধ্যে ৯১.২ কোটি ডলারের তৈরি পোশাক রয়েছে। পোশাক খাতের মধ্যে প্রায় ৫৫ শতাংশ উভেন ও বাকি ৪৫ শতাংশ নিট পণ্য।

বাণিজ্য সচিব বলেন, “নিট পোশাকে খুব একটা সমস্যা নেই। উভেনে একটু সমস্যা আছে। এটা কাটিয়ে ওঠার জন্য আমরা কানাডা সরকারের কাছে কিছু সুবিধা চাইব।”

ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করলেও চীন ও ভারত জিপিটি সুবিধা হারালে তাতে বাংলাদেশের সুবিধাই হবে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারণ এ দুটি দেশই বাংলাদেশের প্রধান প্রতিযোগী ছিল। কিন্তু উদ্ভূত সমস্যাটি কীভাবে সমাধান করা যায় সেটা নিয়েই কাজ করছি আমরা। আশা করছি এটার সমাধান হবে।”

বৈঠক শেষে সাবেক বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ সাংবাদিকদের বলেন, “কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে হলে শর্তপূরণের জন্য একটা নির্দিষ্ট সময় চেয়ে নেয়া যেতে পারে অথবা সিঙ্গেল স্টেজের (পণ্য প্রস্তুতের যেকোনো একটি ধাপ বাংলাদেশে হবে) সুবিধা চাওয়া যেতে পারে।”