নতুন কোনো ব্যাংকের অনুমোদন চূড়ান্ত হয়নি
নতুন কোনো ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের কাজ এখনো শেষ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক।
রোববার অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রবাসী উদ্যোক্তাদের একটি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।
তবে বাংলাদেশ ব্যাংক যেভাবে এগুচ্ছে তাতে ছয়টি (প্রবাসী উদ্যোক্তাদের দুটি ও দেশি উদ্যোক্তাদের চারটি) ব্যাংকের অনুমোদন একসঙ্গেই দেওয়ার চেষ্টা প্রকাশ পাচ্ছে।
বিকালে পর্ষদের সভা শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “আজকের সভায় দুটি এনআরবি ব্যাংক এবং চারটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা বোর্ডের কাছে উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন। শেষ পর্যন্ত মাত্র তিনটি ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা পর্ষদ সদস্যরা শুনেছেন।”
সময়ের অভাবে বাকী তিনটি ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা শোনা সম্ভব হয়নি জানিয়ে এস কে সুর বলেন, “এজন্য পর্ষদ সভা আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।”
রোববারের সভায় যে ছয়টি ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে সেগুলো হচ্ছে-যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাছত আলীর এনআরবি কমার্শিয়াল ব্যাংক, যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমেদের এনআরবি ব্যাংক লিমিটেড, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ইউনিয়ন ব্যাংক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর উপদেষ্টা এম মনিরুজ্জামান খন্দকারের মিডল্যান্ড ব্যাংক, আওয়ামী লীগের সংসদ সদস্য আশিকুর রহমানের মেঘনা ব্যাংক এবং লকপুর ফিসারিজের এস এম আমজাদ হোসেনের সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক।
এর মধ্যে এনআরবি কমার্শিয়াল, সাউথ বাংলা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা রোববারের সভায় পর্যালোচনা করা হয়।
বাকী তিনটি ব্যাংকের প্রস্তাবনা আগামী মঙ্গলবারের সভায় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন এস কে সুর চৌধুরী।
এর বাইরে আরো অনুমোদনের অপেক্ষায় আছে যুক্তরাজ্য প্রবাসী নিজাম চৌধুরীর এনআরবি গ্লোবাল ব্যাংক, আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নুর তাপসের মধুমতি ব্যাংক ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফার্মার্স ব্যাংক লিমিটেড।
গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৩৩৬তম সভায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা উপস্থাপন করা হয়। ওইদিনের সভা শেষে এস কে সুর চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক প্রস্তাবনা দেখে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সস্তোষ প্রকাশ করেছে। তবে এনআরবি ব্যাংক হিসেবে তাদের বিশেষত্ব কি হবে তা জানাতে বলা হয়েছে। আশা করছি পর্ষদের আগামী সভায় (৩ ফেব্রুয়ারি) এই ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।
