২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ও সূচক দুটোই কমেছে ডিএসইতে

টানা তিন দিন ওঠার পর সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ২৭ পয়েন্ট কমার পাশাপাশি লেনদেন কমেছে ৫৪ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 05:24 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। তবে ১১টার পর তা আবার কমে যায়।

দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ১২৬ পয়েন্ট হয়।

আর এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ ৯ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪৮৬ পয়েন্ট।

দিনশেষে ডিএসইতে ২৮৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যার মধ্যে দাম বাড়ে ৭০টির, কমে ১৭৬ টির। আর ২৬ টির দাম অপরিবর্তিত ছিল। 

নতুন সূচক চালুর দ্বিতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়। সারাদিনে প্রায় ৩৪১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। ডিএসইএক্স সূচক বাড়ে ৬৪ পয়েন্ট।

লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বাড়ে ২২৭টির, কমে ৩৩টির। আর ১২টির দাম অপরিবর্তিত ছিল।

এর আগে নতুন সূচক চালুর প্রথম দিন সোমবার ডিএসইতে ২৩১ দশমিক ৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ডিএসইএক্স সূচক বাড়ে ৩৪ পয়েন্ট।

রোববার ডিএসইতে পুরনো সূচকে ২১১ দশমিক ০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সূচক ৩ পয়েন্ট বেড়ে হয় ৪ হাজার ১৭১ পয়েন্ট।  

তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা নতুন ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট। সোমবার সকালে এ সূচকে গণনা শুরু হয় ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে।

আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।

বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েব সাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।

নতুনভাবে তৈরি করা ডিএস৩০ তে স্থান পাওয়া কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

সামিট পাওয়ার, ইউনাইটেড ওয়ারওয়েজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, বিএসআরএম স্টিলস, পদ্মা অয়েল কোম্পানি, পাওয়ার গ্রিড, আরএন স্পিনিং, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটোমোবাইলস, স্কয়ার টেক্সটাইল, খুলনা পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল, পিপলস্ লিজিং ও কেয়া কসমেটিক্স লিমিটেড।