ডিএসইতে দুই মাসের সর্বোচ্চ লেনদেন
নতুন সূচক চালুর দ্বিতীয় দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় ৩৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গত দুই মাস দশ দিনের মধ্যে ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন। এর আগে ১৮ নভেম্বর লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড় ৪ হাজার ১৫৪ পয়েন্ট হয়।
দেশের প্রধান এক্সচেঞ্জে এ নিয়ে চলতি সপ্তাহের তিন দিনই সূচক বাড়ল।
মঙ্গলবার এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ ২২ পয়েন্ট বেড় ১ হাজার ৪৯৫ পয়েন্ট হয়েছে।
সারা দিনে ডিএসইতে ৩৪১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যার মধ্যে দাম বাড়ে ২২৭টির, কমে ৩৩টির। আর ১২টির দাম অপরিবর্তিত ছিল।
এর আগে সোমবার ডিএসইতে ২৩১ দশমিক ৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। প্রধান সূচক ৩৪ পয়েন্ট বেড়ে হয় ৪ হাজার ১৯০ পয়েন্ট।
এর আগের দিন রোববার ডিএসইতে পুরনো সূচকে ২১১ দশমিক ০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সূচক ৩ পয়েন্ট বেড়ে হয় ৪ হাজার ১৭১ পয়েন্ট।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা নতুন ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট। সোমবার সকালে এ সূচকে গণনা শুরু হয় ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে।
আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েব সাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।
নতুনভাবে তৈরি করা ডিএস৩০ তে স্থান পাওয়া কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
সামিট পাওয়ার, ইউনাইটেড ওয়ারওয়েজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, বিএসআরএম স্টিলস, পদ্মা অয়েল কোম্পানি, পাওয়ার গ্রিড, আরএন স্পিনিং, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটোমোবাইলস, স্কয়ার টেক্সটাইল, খুলনা পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল, পিপলস্ লিজিং ও কেয়া কসমেটিক্স লিমিটেড।
