পুঁজিবাজারে গতি আসার প্রত্যাশা এফবিসিসিআই সভাপতির
কিছু দিনের মধ্যেই পুঁজিবাজার ভালো অবস্থানে আসবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
সোমবার পুঁজিবাজারের চলমান লেনদেন ‘খরা’ কাটানোর উপায় খুঁজতে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “একটি গতিশীল পুঁজিবাজার গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সিরিয়াস এবং অল্প দিনের মধ্যে আমরা একটা ভালো পজিশনে আসতে পারবো বলে আশা করছি।”
কাজী আকরামের সভাপতিত্বে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্যোগে ডিএসই ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের চেয়ারম্যান তপন চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীন, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবীর হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ এ হাফিজ।
এফবিসিসিআই সভাপতি বলেন, “কীভাবে বাজার সঠিকভাবে চলতে পারে এবং বাজার উঠতে পারে সে লক্ষ্যে কাজ করার জন্য একটি কমিটি করা হবে। আমি এফবিসিসিআই সভাপতি হিসেবে সবাইকে নিয়ে চেষ্টা করবো।”
বৈঠক শেষে ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, “বিনিয়োগকারীদের মধ্যে আমরা প্রত্যাশা সৃষ্টি করতে চাই না। আমরা কিছু সমস্যা চিহ্নিত করেছি। সেগুলো সমাধানে কাজ করছি। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দ্বায়িত্ব পালন করতে হবে।”
মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত জানানো হবে বলে জানান রকিবুর রহমান।
গত কয়েকমাস ধরেই পুঁজিবাজারে লেনদেনের খরা চলছে। গত ২১ জানুয়ারি ডিএসইতে লেনদেন পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে আসে। ওইদিন লেনদেন হয় ১০১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
লেনদেন কমার প্রবণতার মধ্যে চলতি মাসেই ব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকসহ বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠক করেছে ডিএসই।
