২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থিতিশীল হচ্ছে পুঁজিবাজার: মুহিত

সাম্প্রতিক দিনগুলোতে পুঁজিবাজারের অস্থিতিশীলতা খানিকটা কমে এসেছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিমিউচুয়ালাইজেশন হলে স্থিতিশীলতা আরো বাড়বে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 10:30 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্লাস্টিক শিল্পর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করতে গত অক্টোবরে ডিমিউচুয়ালাইজেশন (বিন্যস্তকরণ) আইনের খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সংসদে পাস হলে এই আইনের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের সংখ্যাগরিষ্ঠ পরিচালক পদে স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দেয়া হবে। স্টক এক্সচেঞ্জ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবে।

শিল্পোদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের আহ্বান জানিয়ে মুহিত বলেন, “পুঁজিবাজারের জন্য অনেক আইন কানুন করা হয়েছে। বর্মানে পুঁজিবাজারের অস্থিরতা স্থিমিত হয়েছে। ডিমিউচুয়ালাইজেশনে স্থিতিশীলতা অনেক বেড়ে যাবে।”

পুঁজিবাজারে ব্যাপক উত্থান পতনের পর ২০১১ সালে সরকার স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেয়। এছাড়া ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন-২০১২’ ও ‘দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইন’ সংশোধনসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়। 

এরপরও গত বছর পুঁজিবাজার ছেড়ে চলে গেছেন ৩ লাখ ৪৩ হাজার ৬১৮ জন বিনিয়োগকারী। ডিএসইর বাজার মূলধন কমেছে ২৮ হাজার কোটি টাকা।

গত বছরের মার্চে যেখানে দৈনিক গড় লেনদেন হাজার কোটি টাকার বেশি ছিল, সেখানে এখন তা একশ ৩৫ কোটির নিচে নেমে এসেছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্লাস্টিক শিল্পের সম্ভাবনা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “বর্মানে ১০০ মিলিয়ন ডলারের মতো প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। আশা করি আগামী পাঁচ বছরে এটা এক বিলিয়ন হবে।”

প্লাস্টিক শিল্পে দক্ষ জনবল তৈরি লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্লাস্টিক ইন্সটিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সেখানে সহায়তা করারও আশ্বাস দেন মন্ত্রী।

অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি জসিম উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।  

চারদিনব্যাপী এ মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তাইওয়ান, কোরিয়া, মালয়শিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ ১৫টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।