২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘প্লাস্টিক মেলা’ শুরু বুধবার

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার শুরু হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৩।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন(বিপিজিএমইএ) অষ্টমবারের মতো চারদিনব্যাপী এ মেলার আয়োজন করছে।

সংগঠনের পল্টন কার‌্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিপিজিএমইএর সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, “মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তাইওয়ান, কোরিয়া, মালয়শিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যসহ ১৫টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে প্রায় ১৫ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য  উৎপাদন ও বিপণন হচ্ছে। এ খাতে প্রতি বছর রাজস্ব আসছে প্রায় ১৫ শ’ কোটি টাকা।

এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকারি সহযোগিতা কামনা করেন জসিমউদ্দিন।

জিএসপি (জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্স ) সুবিধা বাতিল হলে দেশের রপ্তানি বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এফবিসিসিআইর সাবেক এ সভাপতি বলেন, “ইউরোপে যেসব পণ্য রপ্তানি হয় তার ৮০ শতাংশই জিএসপি সুবিধা পায়। এ সুবিধা বাতিল হলে রপ্তানি অনেক কমে যাওয়ার আশংকা রয়েছে।”

সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।।