লেনদেনে খরা কাটছেই না ডিএসইতে
সপ্তাহের দ্বিতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে।
সোমবার সারাদিনে হাতবদল হয়েছে মাত্র ১০১ কোটি টাকার শেয়ার, সূচক কমেছে ২০ পয়েন্ট।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কিছুটা ওঠে। কিন্তু এরপর তা নামতে থাকে। বেলা সাড়ে ১২ টায় সূচক কিছুটা উঠলেও দিন শেষে সূচক ঠেকে ৪ হাজার ১১৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কম।
এদিন ১০১ দশমিক ৫৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়, যার মধ্যে দাম বাড়ে ৬৭টির, কমে ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার সারাদিনে হাতবদল হয় ১০৬ দশমিক ১৮ কোটি টাকার শেয়ার। সূচক কমে ৩০ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়লেও তার আগের দুই সপ্তাহেই সূচক কমে। গড় লেনদেনও কমতে কমতে ১২৭ কোটিতে নেমে আসে।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বাড়ে দশমিক ৮২ শতাংশ বা প্রায় ৩৪ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় ১২৭ কোটি টাকার শেয়ার।
এর আগের সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট কমে। গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা। তার আগের সপ্তাহে সূচক ৪১ পয়েন্ট কমে এবং লেনদেন হয় গড়ে ১৪৬ কোটি টাকার শেয়ার।
