২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই সূচক নিম্নমুখী

সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচেকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 05:47 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কিছুটা ওঠে। কিন্তু এরপর তা নামতে থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ১৩৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কম।

সারাদিনে হাতবদল হয় প্রায় ১০৬ দশমিক ১৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৫৫টির, কমে ১৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দাম।

মোহাম্মদ আনোয়ার হোসেন নামের এক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেয়ারের যে দাম, তাতে বিক্রি করার উপায় নাই, কিনব কীভাবে।”

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে ১৫১ দশমিক ৮৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। সূচক বাড়ে ৩৪ পয়েন্ট।

এদিন ১৮৬টি শেয়ারের দাম বাড়ে, কমে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়লেও তার আগের দুই সপ্তাহেই সূচক কমে। গড় লেনদেনও কমতে কমতে ১২৭ কোটিতে নেমে এসেছে।

গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বাড়ে দশমিক ৮২ শতাংশ বা প্রায় ৩৪ পয়েন্ট। প্রতিদিন গড়ে লেনদেন হয় প্রায় ১২৭ কোটি টাকার শেয়ার।

এর আগের সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট কমে। গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা। তার আগের সপ্তাহে সূচক ৪১ পয়েন্ট কমে এবং লেনদেন হয় গড়ে ১৪৬ কোটি টাকার শেয়ার।