সপ্তাহের শেষ দিন সূচকে উন্নতি
সপ্তাহের শেষ দিন সাধারণ সূচকে উন্নতি হলেও লেনদেনে খরা কাটেনি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বৃহস্পতিবার সারাদিনে হাতবদল হয়েছে ১৫১ দশমিক ৮৪ কোটি টাকার শেয়ার। সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে শুরু করে। ১১টা ৪০ মিনিটে সূচক কিছুটা নেমে গেলেও ১৫ মিনিট পর আবার বাড়তে শুরু করে। তবে বেলা ১২টার পর ওঠানামায় এগোতে থাকে সূচক।
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৬৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেশি।
এদিন ১৮৬টি শেয়ারের দাম বাড়ে, কমে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১০ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার। সোমবার সূচক ১১ পয়েন্ট হারায়; হাতবদল হয় প্রায় ১১৯ কোটি টাকার শেয়ার।
আর মঙ্গলবার সূচকের ঘরে আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে মাত্র ১০৪ কোটি টাকার লেনদেন হয়, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বুধবার পরিস্থিতির সামান্য উন্নতি হয়, সূচকে ১৯ পয়েন্ট যোগ হওয়ার পাশাপাশি হাতবদল হয় প্রায় ১৩৪ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমে দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট।দিনে গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ দশমিক ৪৬ শতাংশ কম।
