২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী খুঁজতে হবে’

কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি, ব্যাংক কোম্পানি আইন সংশোধনসহ বেশ কিছু কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগে যেতে না পারায় পুঁজিবাজারে লেনদেন কমে এসেছে বলে মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 05:22 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনে খরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার সিএসইর ঢাকা কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিকল্প পথ খোঁজা প্রয়োজন। বাজারে যাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ আসে সেই লক্ষ্যেও কাজ করতে হবে।

সরকার নানা ধরনের উদ্যোগ নেয়ার পরও গত বছর থেকেই দেশের শেয়ারবাজারে দুর্দশা চলছে। গত মঙ্গলবার ডিএসইতে মাত্র ১০৪ কোটি টাকার লেনদেন হয়, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। 

সিএসই সভাপতি বলেন, “বাজারের বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এখনকার পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে আসতে পারছেন না।”

বিকল্প পথ হিসেবে তিনটি বিষয়ের উল্লেখ করেন সিএসই প্রধান। এগুলো হলো- বিদেশি বিনিয়োগ বাড়ানো, ইন্সুরেন্স ফান্ড থেকে বিনিয়োগ ও পেনশন ফান্ডের মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগ।

“বিদেশি বিনিয়োগ বাড়াতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।”

কোন দেশ এ বাজারে কি পরিমাণ বিনিয়োগ করতে পারবে সে বিষয়য়েও নীতিমালায় স্পষ্ট নির্দেশনা থাকবে বলে জানান তিনি।

আল মারুফ খান বলেন, সিএসইর পক্ষ থেকে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র ও সুযোগ-সুবিধাগুলো নিয়ে একটি ‘প্রেজেন্টেশন’ তৈরি করা হচ্ছে। ইউরোপের বিনিয়োগ যাতে বাংলাদেশে আসে সে লক্ষ্যেও কাজ চলছে।

“আগামী মে-জুন মাসের মধ্যে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ইউরোপে যেতে হবে। ইউরোপের বাজারের ৩০ বিলিয়ন ডলারের মধ্যে মাত্র তিন বিলিয়ন ডলারও যদি বাংলাদেশে আসে, তা হবে আমাদের জন্য অনেক বড় পাওয়া।”