ছুটির দিন জমজমাট বাণিজ্যমেলা
সপ্তাহজুড়ে প্রচণ্ড শীত কাটিয়ে শুরুর ১০ দিন পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জমজমাট হয়ে উঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৩।
মেলা শুরুর পর দ্বিতীয় শুক্রবার ছিলো এটি। এদিন সকাল থেকেই মেলায় লোক সমাগম শুরু হয়। তবে বিকাল ৪টার পর থেকে তা লোকারণ্যে পরিণত হয়।
এর আগের শুক্রবার মেলার বিদেশি স্টল ও প্যাভিলিয়নের অনেকগুলো চালু হয়নি। তবে শুক্রবার মেলার দেশি-বিদেশি সব প্যাভিলিয়ন ও স্টলে মানুষের ভিড় দেখা যায়।
প্রতিবছর বাণিজ্য মেলায় ইরানী, পাকিস্তানী, থাইল্যান্ড, ভারতসহ বিদেশি প্যাভিলিয়নগুলোর প্রতি দর্শনার্থীদের বাড়তি আগ্রহ দেখা যায়। তবে এবার দেশী পণ্যসমূহের স্টল ও প্যাভিলিয়নগুলোতে দর্শনার্থীর ভিড় ছিল বিদেশি স্টলগুলোর চেয়ে বেশি।
বিশেষ করে বিভিন্ন ধরনের খাদ্য ও কোমল পানীয়, তৈজসপত্র, পোশাক ও গৃহসজ্জার পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করা যায়। দেশে তৈরি আসবাবপত্র ও দেশীয় টেক্সটাইলের প্যাভিলিয়নগুলোতেও ছিল আগ্রহীদের ভিড়। ইলেকট্রনিক পণ্যের প্যাভিলিয়নগুলোতেও বেশ ভিড় দেখা যায়।
মেলায় প্রবেশের টিকেট বিক্রির ইজারাদার প্রতিষ্ঠানের গঠিত কমিটির সভাপতি ফরিদুর রহমান খান (ইরান) জানান, শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত মেলায় প্রবেশের টিকেট বিক্রির সংখ্যা ছিল অন্তত ৭৫ হাজার।
সন্ধ্যায় পৌনে ৭টায় মেলামাঠের প্রধান গেইটে তথ্য প্রদানকারী হিসেবে কর্মরত শাওন আহমেদ বলেন, শুক্রবার বিকেলের পরে মেলার মাঠে অন্তত দেড় লাখ দর্শনার্থী ঢুকেছেন।
মিরপুর থেকে দুই মেয়েকে নিয়ে মেলায় আসা আনোয়ারা বেগম ফিরছিলেন ব্যাগভর্তি কেনাকাটা করা পণ্য নিয়ে। আনোয়ারা বলেন, এবারের মেলায় হাঁটাচলার ব্যবস্থায় আরো শৃঙ্খলা আনা হয়েছে বলে মনে হয়েছে তার।
তরুণী দুই মেয়ের মা আনোয়ারা বলেন, “গতবছর মেয়েদের দেখে ছেলেদের মন্তব্য করার প্রবণতা দেখেছিলাম। এবছর এ ব্যাপারটা চোখে পড়েনি।”
এবারই প্রথম বাণিজ্যমেলায় ইন্টারনেটের মাধ্যমে কেনাবেচার ব্যবস্থা করা হয়েছে। মেলার মূল গেইটের সামনেই অনলাইন কেনাকাটার জন্য তৈরি করা হয়েছে একটি ই-শপ প্যাভিলিয়ন। এখানে আগ্রহীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।
অনলাইন কেনাকাটার ব্যবস্থা পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিউচার সল্যিউশান্স ফর বিজনেসের (এফএসবি) ব্যবস্থপনা পরিচালক সাদেকা হাসান সেজুতি বলেন, “মেলায় অনলাইন কেনাকাটার ব্যাপারে যারা আগে জানতেন না তারাও এ স্টলে এসে জানার পরে অনলাইন কেনাকাটায় আগ্রহী হচ্ছেন। এখানে এসে মেলার অন্য পণ্যের স্টল বা প্যাভিলিয়নে না গিয়েও অনলাইনে ওই পণ্যগুলো কেনা যাবে।”
প্রচণ্ড শীতের মধ্যে মেলার মাঠে ভিড় খুব বেশি না থাকলেও ই-শপের স্টলে সবসময়ই ভিড় লেগে থাকে বলে জানান তিনি। ১০ দিনে এ স্টলে সাড়ে চার থেকে পাঁচ লাখ দর্শনার্থী এসেছেন বলেও জানান তিনি।
এফএসবি’র কাস্টমার অফিসার হ্যাপি আখতার জানান, এপর্যন্ত মেলায় অংশ নেয়া ১৮টি প্রতিষ্ঠানের পণ্য ই-শপে পাওয়া যাচ্ছে। প্রতিদিন গড়ে ৫০টি অর্ডার পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
