উদ্যোক্তাদের বিদেশি ঋণ ১৪৯ কোটি ডলার
২০১২ সালে বেসরকারি খাতের উদ্যোক্তারা বিদেশ থেকে ১৪৯ কোটি ডলার ঋণ নিয়েছেন।
বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
২০১১ সালে এ খাতে ৮১ কোটি ৯০ লাখ ডলার ঋণ এসেছিল। আগের বছরের তুলনায় ২০১২ সালে ৬৭ কোটি ডলার ঋণ বেশি এসেছে দেশে।
মঙ্গলবার বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসরকারি খাতের আট প্রকল্পে মোট ৮ কোটি ডলারের বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটির দেয়া তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রস্তাবগুলো হচ্ছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের এক কোটি ডলার, রবি আজিয়াটার ২ কোটি ৯৬ লাখ ডলার, হোলসিম সিমেন্টের ৭০ লাখ ডলার, এনভয় টেক্সটাইল লিমিটেডের এক কোটি ডলার, এভারেস্ট পাওয়ার জেনারেশন লিমিটেডের ১ কোটি ২০ লাখ, ফয়সাল স্পিনিং মিলের ৬৩ লাখ ৬০ হাজার ডলার, এ এন্ড এ এভিয়েশন লিমিটেডের ২৭ লাখ ৫০ হাজার ডলার এবং গুড রিচ সোঢেটার লিমিটেডের ২২ লাখ ২০ হাজার ডলার।
বৈঠকে জানানো হয়, বেসরকারি খাতের বেশ কিছু বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
কমিটি মনে করে, এই ধরনের বৈদেশিক অর্থায়ন মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রসঙ্গত, দেশে বৈদেশিক মুদ্রার চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সরকার নিজেই বৈদেশিক ঋণ গ্রহণ বাড়ানোর ব্যাপক চেষ্টা করছে। এছাড়া বেসরকারি খাতকে বিদেশ থেকে ঋণ গ্রহণে উৎসাহিত করছে।
