২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতি পোষাতে রাতে ফ্লাইট শাহজালালে

ধর্মঘটের ক্ষতি পুষিয়ে নিতে মঙ্গলবার রাতভর উড়োজাহাজ ওঠানামা চালু থাকবে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শামীম আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান কর্মচারীদের ধর্মঘটে সৃষ্ট জটিলতার কারণে এবং উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রাখতে শুধু মঙ্গলবার সারারাত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা করবে।

এর আগে পাঁচ ঘণ্টা বিমানবন্দরের কাজ বন্ধ রাখার পর বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ফারুক খানের আশ্বাসে মঙ্গলবার দুপুরে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বিমান শ্রমিক লীগ।

সংগঠনটির সভাপতি মশিকুর রহমানের বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিমান শ্রমিক লীগের ডাকে কর্মচারীদের এই ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের ফলে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত কোনো ফ্লাইট ছেড়ে যায়নি।

সকালের নির্ধারিত ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করলেও উড়োজাহাজ থেকে যাত্রীদের লাগেজ নামিয়ে টার্মিনালে পরিবহন করাসহ অন্যান্য সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পাঁচ ঘণ্টা বিমান চলাচলে বিঘ্ন হওয়ার ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির বিনা মজুরিতে বাড়তি কাজ করে পুষিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মশিকুর রহমান।

এদিকে সকাল থেকে বিমান কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন সুবিধা বন্ধ করে দেয়ায় কেবিন ক্রু বা কর্মকর্তারা বিমানবন্দর বা বলাকা কার্যালয়ে পৌঁছাতে পারেননি। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংসহ যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকায় কার্যত অচল হয়ে যায় দেশের প্রধান বিমানবন্দর।

দাবি পূরণের জন্য শ্রমিক লীগের কর্মীরা রোববার বলাকায় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে মুক্ত হন তিনি।

এরপর সোমবার সকাল থেকে বলাকা ভবনে দিনভর অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারী লীগ। তারপরও দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় বিকাল ৫টায় সংগঠনের সভাপতি মশিকুর রহমান লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন।

গত বছর মার্চে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে কর্মীদের একটি সংগঠন। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। পরে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।