যশোর/বেনাপোল, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষীরা মারধর করার প্রতিবাদে পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে সেদেশের শ্রমিকরা।
সোমবার সকালে বিএসএফ ক্যাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সেদেশের শ্রমিকরা।
ভারতীয় পেট্রাপোল সিএ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিরূপন চক্রবর্তী জানান, বিএসএফ-এর হাতে সেদেশের বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয়।
“তবে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক চলছে।”
বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে মালামাল লোড আনলোড ও খালাশ অব্যাহত আছে।
“কাস্টমস হাউজের শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।”
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান জানান, দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকায় পচনশীল পণ্যসহ শত শত পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।
তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম এবং দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৯ ঘ.
bdnews24