ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কী করলে এক সপ্তাহের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজের দরপত্র ডাকা হবে বিশ্ব ব্যাংকের কাছে তা জানতে চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
দুর্নীতির পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত হলেই পদ্মা প্রকল্পে অর্থায়ন করা হবে- ঋণদাতা সংস্থার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার তদন্তকারী প্রতিষ্ঠানের প্রধান একথা বলেন।
গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “কী করলে, কোন কোন চাহিদা পূরণ করলে আগামী এক সপ্তাহের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজের টেন্ডার ডাকা হবে- তা ওদের (বিশ্বব্যাংক) জিজ্ঞাসা করুন।”
বিশ্ব ব্যাংক যে সব তথ্য দিয়েছে, দেশের আইনের সঙ্গে সঙ্গতি রেখে তা বিবেচনা করা হবে বলে জানান তিনি।
পদ্মা সেতু নিয়ে নানামুখী বক্তব্যে দুদক চাপে রয়েছে বলেও জানান গোলাম রহমান।
“কেউ বলছে দুদক কথা শোনে না, কেউ বলছে দুদক সরকারের এজেন্ট, কেউ বলছে মামলা তুলে নাও, কেউ বলছে পূর্ণাঙ্গ তদন্ত না হলে অর্থছাড় নয়। টক শো’তে নানা কথা হচ্ছে, আপনারাও নানা কিছু লিখছেন- এগুলো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে।”
তবে সেই চাপ মোকাবেলা করে আইন অনুসরণ করেই দুদক কাজ করবে, বলেন তিনি।
এক্ষেত্রে কমিশনে জমা হওয়া অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতেই পদক্ষেপ নেয়া হবে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “কেউ খুশি হোক বা অখুশি হোক, ভাল হোক, মন্দ হোক- তা নিয়ে আমরা চিন্তিত নই।
“আমাদের সুবিবেচনায় যা করা উচিত, তাই করব। তবে, এক্ষেত্রে কিছুটা সময় লাগবে।”
পদ্মা প্রকল্পে দুর্নীতির তদন্তে পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের তিন সদস্যের প্যানেলের ঢাকা সফরের মধ্যে গত ৪ ডিসেম্বর দুদকের অনুসন্ধান কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। এতে অর্থ লেনদেনের ‘ষড়যন্ত্রে জড়িত’ কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।
দুর্নীতির অভিযোগ তুলে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক গত জুন মাসে অর্থায়ন বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় গত ২০ সেপ্টেম্বর সেই সিদ্ধান্ত বাতিল করে।
এরপর দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংক একটি প্যানেল গঠন করে, যার প্রধান করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোকে।
ওকাম্পো নেতৃত্বাধীন তিন সদস্যের ওই প্যানেল দ্বিতীয় দফায় ঢাকা সফর করে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতভেদ নিয়ে গত ৫ ডিসেম্বর ফিরে যান। কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হবে- সেই বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে দুদকের মতৈক্য হয়নি।
বেশ কয়েকটি শর্তের পর বহু প্রতীক্ষিত পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার অর্থায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ওকাম্পো নেতৃত্বাধীন এই প্যানেলের প্রতিবেদনের ওপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এইচএএইচ/এমআই/২০২২ ঘ.
bdnews24