ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত না হলে পদ্মা প্রকল্পে অর্থ না দেয়ার ঘোষণা বিশ্ব ব্যাংক দিলেও এখনি হতাশ হচ্ছেন না প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
তিনি বলেছেন, ঋণদাতা সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে এবং তা সফল হবে বলে তিনি আশাবাদী।
ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি শনিবার এক বিবৃতিতে জানান, দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন হবে না।
এরপর সকালে এলজিইডি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া জানান গওহর রিজভী। ওই অনুষ্ঠানে গোল্ডস্টেইনও ছিলেন।
গওহর রিজভী বলেন, “জটিল কিছু বিষয় নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা। এটা যদি ব্যর্থ হয়, তাহলে আমরা ডুববো।
“কিন্তু আশা করছি, আবার একসঙ্গে কাজ করতে পারব আমরা।”
দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণে আসা বিশ্ব ব্যাংকের প্যানেল মতানৈক্য নিয়ে ফিরে যাওয়ার তিন দিন পর গোল্ডস্টেইনের বিবৃতি আসে।
গত ৫ ডিসেম্বর ঢাকা ছাড়ার আগে বিশ্ব ব্যাংক প্যানেলের সদস্যরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার বাড়িতে যে বৈঠক করেন, তাতে গওহর রিজভীও ছিলেন।
তবে ওই বৈঠকের আলোচনা নিয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রী সেদিন কিছুই বলেননি।
দুর্নীতির অভিযোগ তুলে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক গত জুন মাসে অর্থায়ন বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় গত ২০ সেপ্টেম্বর সেই সিদ্ধান্ত বাতিল করে।
এরপর দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে একটি প্যানেল গঠন করে, যার প্রধান করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোকে।
ওকাম্পো নেতৃত্বাধীন তিন সদস্যের ওই প্যানেল দ্বিতীয় দফায় ঢাকা সফর করে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতভেদ নিয়ে গত ৫ ডিসেম্বর ফিরে যান।
অ্যালেন গোল্ডস্টেইন বিবৃতিতে বলেন, পর্যবেক্ষক প্যানেল প্রথম সফরে বাংলাদেশের আইন অনুসরণ করেই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুদকে তাগিদ দিয়েছিল।
“গত সপ্তাহে দ্বিতীয় দফা সফরে প্যানেল অমীমাংসিত কিছু বিষয় দেখতে পেয়েছে এবং পাওয়া তথ্যের ভিত্তিতে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য আবারো দুদককে তাগিদ দিয়েছে।”
বেশ কয়েকটি শর্তের পর বহু প্রতীক্ষিত পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ওকাম্পো নেতৃত্বাধীন এই প্যানেলের প্রতিবেদনের ওপর।
গোল্ডস্টেইন বলেন, দুদক তাদের পর্যালোচনা শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই বিশ্ব ব্যাংক প্যানেল এই বিষয়ে তাদের অবস্থান জানাবে।
পদ্মা প্রকল্পে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানালেও কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হবে- সেই বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে মতৈক্য হয়নি।
দুর্নীতি অনুসন্ধানে দুদক গঠিত প্যানেল প্রতিবেদন জমা দেয়ার পরদিন ৬ ডিসেম্বর একথা বলেছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রহমান।
দুদকের অনুসন্ধান কমিটি কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে এবং এর সংখ্যা ১০ জনের কম বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান, তবে ওই প্রতিবেদন পর্যালোচনা এখনো শেষ হয়নি।
কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করেছিল বিশ্ব ব্যাংক।
লাভালিন পদ্মা প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ অন্যতম প্রতিষ্ঠান। তারা কাজ পাওয়ার জন্য বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্র’ করে বলে অভিযোগ উঠেছে।
শুরুতে সরকার ও তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ নাকচ করা হলেও অনড় থাকে বিশ্ব ব্যাংক এবং তার ধারাবাহিকতায় গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে।
এরপর আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূইয়াকে ছুটিতে পাঠানোসহ কয়েকটি শর্ত মানা হলে বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24